এশিয়া কাপ হকি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৬:২৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ১৬:২৫ পিএম
নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে জয়ে ফিরল লাল-সবুজের প্রতিনিধিরা
এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল জয়ে ফিরেছে। নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।গতকাল শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেছিলেন আশরাফুল ইসলাম। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে।
ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত
খেলায় বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল
ইসলাম। অন্য দুই গোলের একটি করেন সোহানুর রহমান, অপরটি রেজাউল করিম। দ্বিতীয়
কোয়ার্টার পর্যন্ত ম্যাচে ২-২ সমতা থাকার পর তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই
পারেনি চায়নিজ তাইপে। এই কোয়ার্টারে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলাদেশ।
ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ
আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে নেন। ১০ ও ১৮ মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল
করে লিড নেয়। ২৬ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। এটিও ফিল্ড গোল।
তৃতীয় কোয়ার্টার থেকে
বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন।
৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। তিন মিনিট পর আশরাফুল
ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।
৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল
ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম
দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান
কমায়।
আজকের আগে চাইনিজ তাইপেকে
২০১৩ এশিয়া কাপে ১১-৩ এবং ২০১৬ এএইচএফ কাপে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
নিজেদের গ্রুপের দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের
(২৯তম) পরে আছে শুধু চায়নিজ তাইপে (৩৮তম)। আগামী ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও
শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের ওই আসরে। শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল আগামী ফেব্রুয়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই। চায়নিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।