প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৫:৫৯ পিএম
ভারতের ক্রিকেটার ও সাবেক কোচ রাহুল দ্রাবিড়
রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক কোচ রাহুল দ্রাবিড়। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
রাজস্থানের বিবৃতিতে
জানানো হয়, সম্প্রতি একটি গঠনমূলক পর্যালোচনার অংশ হিসেবে দ্রাবিড়কে আরও বিস্তৃত একটি
ভূমিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ভারতের সাবেক অধিনায়ক সেই প্রস্তাব গ্রহণ
না করার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে, “রাহুল দীর্ঘদিন ধরে রয়্যালসদের যাত্রায় গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্ব এক প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে, দলে
গড়ে তুলেছেন শক্তিশালী মূল্যবোধ। আমাদের সংস্কৃতিতে রাহুল এক অবিচ্ছেদ্য ছাপ রেখে গেছেন।
তার অসামান্য অবদানের জন্য রাজস্থান রয়্যালস, দলের খেলোয়াড় এবং কোটি কোটি ভক্ত তাকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।”
২০২৫ আইপিএলে রাজস্থানের
পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১০ ম্যাচে মাত্র ৪ জয় পেয়ে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে থেকে
আসর শেষ করে দলটি। দলের এমন ব্যর্থতার পর থেকেই স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক
নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করে, স্যামসন নাকি দ্রাবিড়ের
অধীনে খেলতে অনিচ্ছুক এবং আগামী মৌসুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি ছাড়ার ইচ্ছা প্রকাশ
করেছেন। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দ্রাবিড়ের বিদায়ের পর
স্যামসনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২০১১ সালে আইপিএলের
মেগা নিলামের মাধ্যমে রাজস্থান রয়্যালসে যোগ দেন রাহুল দ্রাবিড়। খেলোয়াড় হিসেবে তিনি
ফ্র্যাঞ্চাইজির হয়ে তিন মৌসুম মাঠে নামেন। ২০১৩ সালে অবসরের পর যোগ দেন দলের কোচিং
স্টাফে। ২০১৪ ও ২০১৫ আইপিএলে রাজস্থানকে কোচিং করানোর পর বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হয়ে
পড়েন তিনি, যার ফলে ২০১৮ সাল থেকে আইপিএলে আর কোনো দলের সঙ্গে কাজ করার সুযোগ পাননি।
২০২৩ সালে ভারতের
জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার চুক্তি নবায়ন হয় এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের
পর দায়িত্ব ছেড়ে দেন তিনি। দীর্ঘ এক দশকের বিরতি শেষে ২০২5 মৌসুমে আবারও রাজস্থানের
হেড কোচ হিসেবে দায়িত্ব নেন দ্রাবিড়। তবে এই পুনর্মিলন ছিল খুবই স্বল্পস্থায়ী—মাত্র এক মৌসুমেই শেষ হলো তার কোচিং অধ্যায়।