প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৫:৫৭ পিএম
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এই সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে। দর্শকদের জন্য সুখবর হলো, মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট কিনেই তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন।
তিন ম্যাচের সিরিজটি
শুরু হবে আগামী ৩০ আগস্ট, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে। এরপর দ্বিতীয় ও তৃতীয়
ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে সিলেট আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে। খেলা দেখতে আগ্রহী দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির অফিশিয়াল
অনলাইন প্ল্যাটফর্ম- gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে।
বিসিবি প্রকাশিত তালিকা
অনুযায়ী, স্টেডিয়ামের বিভিন্ন অংশের আসনভেদে টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে। সবচেয়ে
কম খরচে খেলা উপভোগ করা যাবে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন
হিল এলাকা থেকে। এ দুটি গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা।
একটু উন্নত ভিউ থেকে
খেলা দেখতে আগ্রহীরা শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি)-এর টিকিট কিনতে
পারবেন ২৫০ টাকায়। এর চেয়ে একটু উচ্চ মূল্যের টিকিট হচ্ছে ক্লাব হাউস (ব্লক A1 -
E1) যেখানে খেলা উপভোগ করতে হলে দর্শকদের ৫০০ টাকা গুণতে হবে।
তবে যারা আরামদায়ক এবং উন্নত আসন থেকে ম্যাচ উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট, এবং ডিরেক্টর এনক্লোজার। এসব জায়গা থেকে খেলা দেখতে হলে টিকিটের জন্য গুনতে হবে ২০০০ টাকা, যা সিরিজের সর্বোচ্চ মূল্যমানের টিকিট।