× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ-২৩ দল

বাহরাইন থেকে কী নিয়ে ফিরছে আল আমিন- মোরছালিনরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৫:৩১ পিএম

বাহরাইন থেকে কী নিয়ে ফিরছে আল আমিন-  মোরছালিনরা

বাহরাইনে টানা ১২ দিনের ক্যাম্প ও দুটি ক্লোজ-ডোর প্রস্তুতি মাচ খেলে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। দেশটির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১৮ ও ২২ আগস্টে হওয়া দুটি ম্যাচেই হেরেছে সাইফুল বারী টিটুর দল। প্রথমটিতে পরাজয় ১-০ গোলে; পরের ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ২-৪ ব্যবধানে।

প্রস্তুতি ম্যাচে দলের লক্ষ্য কেবল জয়ে ছিল না, দলে থাকা সব খেলোয়াড়ের বাজিয়ে নেওয়া এবং টিম কম্বিনেশন বোঝাটাই ছিল কোচ টিটুর মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে কোচরা সফল বলেই জানা গেছে। গতকাল বাহরাইনের কোনো স্থানীয় দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। সেটি হয়নি; নিজেদের মধ্যে ভাগ হয়েই তাই ম্যাচ খেলেন আল আমিন, শেখ মোরছালিনরা।

বাহরাইন থেকে সোমবার অ-২৩ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আজকের (সোমবার) সেশন কিছুটা হালকা ছিল’। দুটি প্রস্তুতি ম্যাচের সর্বশেষটিতে হারলেও দলের প্রস্তুতি এবং খেলোয়াড়দের টিম স্পিরিটের প্রশংসা করেছেন হাসান আল মামুন। সেই সঙ্গে বাহরাইন থেকে নিয়ে ফেরা আত্মবিশ্বাস ভিয়েতনামে কাজে দেবে বলে মনে করেন তিনি, ‘সর্বশেষ ম্যাচে দেখার দরকার ছিল টিমের কম্বিনেশনটা কী, সবাইকে খেলিয়েছি, কার কী অবস্থা এবং সম্ভাব্য সেরা সমাধানের খুব কাছাকাছি আছি, তো টিম স্পিরিট খুব ভালো আছে। আশা করি, ভালো কিছু পুঁজি নিয়ে এখান থেকে দেশে ফিরব, যেটা কাজে দেবে ভিয়েতনামে গিয়ে।’

 আজ দেশে ফিরে ঢাকায় দুদিন অনুশীলন করবে অনূর্ধ্ব-২৩ দল। এরপর ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে দেশটিতে যাবে দল। তার আগে বাহরাইনে ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলা দলের জন্য ভালো হয়েছে মনে করেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু, ‘প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোচিং স্টাফরা যেভাবে চেয়েছে আমরা ওইভাবে করেছি, সবকিছু ভালোই চলছে। আজকে (রোববার রাতে) আরেকটা সেশন করেছি, যে ম্যাচটা গেছে ওখানে যে ভুলত্রুটি ছিল, সেগুলো নিয়ে কোচরা কাজ করছে, তো বাহরাইনে আরও একটি সেশন আছে এরপর আমরা বাংলাদেশে রওনা দেব।’

এবারই প্রথম এশিয়ান কাপ বাছাই সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলকে বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে ফেডারেশন। মেয়েদের দুটি দল এখন এশিয়ান কাপের মূলপর্বে (সিনিয়র ও অনূর্ধ্ব-২০)। ছেলেদের দলও যাতে সেই পথে হাঁটতে পারে তা নিয়ে জোর চেষ্টা ফেডারেশনের।

বাহরাইনে যে লক্ষ্য নিয়ে দলের ক্যাম্প করাÑ সেটি অনেকটাই কাজে দেবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমাদের যে টার্গেট, যে মিশন, ভিয়েতনামে যে খেলব, মানে বিশেষভাবে কাজে দেবে। কারণ এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছে দলÑ মাঠ, হোটেল, খাবার এবং আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস সবকিছু মিলিয়ে প্লেয়াররা ফোকাসড, আমার কাছে মনে হয়েছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে।’

১২ দিনের সফরে কেবল খেলোয়াড়ই নয়, সার্বক্ষণিক কাজ করতে হয়েছে কোচিং স্টাফকেও। তবে এমন সুযোগ করে দেওয়ার জন্য হাসান আল মামুন ধন্যবাদ দিয়েছেন বাফুফেকে এবং বাহরাইন ফুটবল ফেডারেশনকে।

এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। এরপর ৬ ও ৯ সেপ্টেম্বর ইয়েমেন ও সিঙ্গাপুরকে মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। ১৬ দল নিয়ে ২০২৬ সালে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বের লড়াই। স্বাগতিক দেশ হিসেবে খেলবে সৌদি আরব। অন্য ১৫ দল আসবে গ্রুপ পর্বে প্রমাণ করে। পয়েন্টের ভিত্তিতে ১১ গ্রুপে সেরা দল এবং চার সেরা রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা