এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:৫০ পিএম
শুধু এশিয়া কাপই নয়, ভারত-পাকিস্তানকে টেস্টেও আবার মুখোমুখি হতে দেখতে চান আকরাম
রাজনীতির বলি হতে বসেছিল ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট। তবে আলোর মুখ থেকে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তে। তার পরও আট জাতির টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ নিয়ে বেশ কথা হচ্ছে। যদিও এখন পর্যন্ত নিশ্চিত যে দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপিং আর সূচি এমনভাবে করা হয়েছে, এরপর সুপার ফোর এবং ফাইনালে আরও দুবার হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান
ম্যাচ ঘিরে তৈরি হতে পারে আপত্তিকর নানা ঘটনা। এ নিয়ে বেশ সতর্ক আয়োজক কমিটি। ম্যাচের
আগে পরিস্থিতিতে বিশ্বজুড়ে এই দুই দলের কোটি কোটি সমর্থক আর মাঠের ক্রিকেটারদের সংযত
থাকার অনুরোধ করেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম। তিনি চান, ম্যাচটা যেন শুধু
দারুণ এক প্রতিদ্বন্দ্বিতার জন্যই মনে থাকে, কোনো ধরনের বিতর্ক বা বিশৃঙ্খলার জন্য
নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সমর্থকদের
সতর্ক করে আকরাম বলেন, ‘আমি নিশ্চিত, ম্যাচগুলো দারুণ উপভোগ্য হবে। ভারত-পাকিস্তানের
প্রতিটি ম্যাচই তো এমন হয়। তবে আশা করি, খেলোয়াড় আর সমর্থক, সবাই সংযত থাকবে এবং কেউ
সীমা অতিক্রম করবে না।’
শুধু খেলোয়াড় নয়, সমর্থকদেরও
এখানে বড় দায়িত্ব আছে, এটা মনে করিয়ে দিয়ে আকরাম বলেছেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচ সারা
বিশ্বের কোটি কোটি মানুষ দেখে। ভারতীয়রা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের জয় দেখতে
চায়, পাকিস্তানি ভক্তরাও ঠিক তেমনই। আবেগ থাকবে, তবে সংযতও থাকতে হবে।’
আকরাম মনে করেন, সাম্প্রতিক
ফর্মের কারণে ভারতই এগিয়ে থেকে টুর্নামেন্ট শুরু করবে। তার কথা, ‘ভারত সম্প্রতি ভালো
খেলছে, ওরাই ফেভারিট। কিন্তু সেদিন যে দলটা চাপ সামলাতে পারবে, তারাই জিতবে।’
পাকিস্তানের এই তরুণ দলের ওপর
আস্থা আছে আকরামের। তবে সাবেক এই অধিনায়কের একই সঙ্গে আছে একটা আক্ষেপও, ‘ব্যক্তিগতভাবে
আমি বাবর আজমকে খেলতে দেখতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু ও নেই, এখন স্কোয়াডে থাকা তরুণদেরই
দায়িত্ব নিতে হবে।’
শুধু এশিয়া কাপই নয়, ভারত-পাকিস্তানকে
টেস্টেও আবার মুখোমুখি হতে দেখতে চান আকরাম, ‘আমার আশা, ভারত-পাকিস্তান আবার টেস্ট
সিরিজ খেলুক। অনেক বছর হয়ে গেছে। হলে সেটা দুই দেশের সমর্থকদের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত
হবে।’
ভারতের এশিয়া কাপ অভিযান শুরু
হবে ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই দিন পর, ১২ সেপ্টেম্বর
ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান।