প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ২০:৫১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ২০:৫৩ পিএম
ঠিক এভাবে একে একে পাঁচবার গোল উদযাপন করেছেন আর্সেনালের ফুটবলাররা
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ছন্দে ফেরার ম্যাচে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছে গার্নাসরা। ম্যাচে দুটি করে গোল করেন টিম্বার ও ইয়োকেরেস। অপর গোলটি করেন বুকোয়া সাকা। জয়ের আনন্দের মাঝেও দুশ্চিন্তার খবরÑ বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড চোট পেয়ে মাঠ ছেড়েছেন।
এমিরেটসে এদিন ম্যাচের ডেডলক ভাঙতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে
হয় আর্সেনাল সমর্থকদের। ডিক্লেন রাইসের কর্নার থেকে ছুটে আসা শট মাথা দিয়ে ঠুকে গোল
আদায় করেন টিম্বার। ৪৫ মিনিটে লিড দ্বিগুণ করেন বুকায়ো সাকা। প্রথমার্ধের শেষ মুহূর্তের
খানিক বাদে বক্সের কিনারে নওয়ানেরি থেকে বল কেড়ে নিয়েছিলেন গ্রুভ, তবে সঙ্গে সঙ্গেই
গানাররা বল পুনরুদ্ধার করে নেয়। টিম্বার দারুণ এক পাসে সাকার সামনে বল বাড়ান। এবার
বাঁ-পায়ে কাট-ব্যাক না করে আর্সেনালের ৭ নম্বর তারকা তার ডান-পায়ের শটে পেরির নাগালের
বাইরে দূরের কোণে বল জড়িয়ে দেন জালে। ফলে স্কোর লাইন দাঁড়ায় ২-০, আর ম্যাচের পূর্ণ
নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের হাতে!
তবে এর আগে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে হয় আর্সেনালকে। প্রথম গোলের
চার মিনিট পরেই মাঠ ছাড়তে হয় অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। আর্সেনালের জার্সিতে নিজের
২০০তম ম্যাচ খেলতে নামা ওডেগার্ড লিডসের অ্যান্টন স্টাখের সঙ্গে ধাক্কায় পড়ে যান। দুই
দফা চিকিৎসা নিয়েও আর খেলা হয়নি তার।
প্রথমার্ধে ২-০ গোলে লিড নেওয়া আর্সেনাল বল দখলের দৌড়েও ঢের এগিয়ে
ছিল। প্রায় ৬৩ শতাংশ বল তাদের আয়ত্তে ছিল। অন টার্গেটে শট নিয়েছিল তারা দুটি। আর বড়
সুযোগ তৈরি করেছে দুটি। বার লক্ষ্য করে সাতবার শট নিয়েছিল। যেখানে সফরকারীদের মোট শট
ছিল কেবল তিনটি।
দ্বিতীয়ার্ধে ভাগ্য বদল হয়নি লিডসের। এই অর্ধে আরও তিনটি গোল হজম
করে তারা। বল দখলের দৌড়েও ছিল পিছিয়ে। এই অর্ধে শুরুর তিন মিনিটের মাথায় ইয়োকেরেস
দলকে আরও এক ধাপ এগিয়ে নেন। ক্যালাফিওরির শট ধরে বাঁ-প্রান্ত হয়ে বক্সে ঢুকে পড়েন ইয়োকেরেস।
তৃতীয় গোলের সাত মিনিট পর নিজেদের দ্বিতীয় গোলের সাক্ষ্য পান টিম্বার। রিসের ধেয়ে আসা
কর্নার হেড দিলে সেটা পড়ে বক্সের মধ্যে সেখান থেকে ডান পায়ের আলতো শটে গোল আদায় করেন
তিনি।
৪-০ গোল হজম করে মাঠ ছাড়তে পারত লিডস। কিন্তু বিপত্তি বাধে ৯০ মিনিটে
ম্যাক্স ডাউম্যানকে স্টাখ ফাউল করে বসলে। এ সময় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায়
করে ইয়োকেরেস।
ম্যাচ শেষে মাইকেল আরতেতা বলেছেন, ‘এটি (জয়) সত্যিই দারুণ কিছু। ঘরের
মাঠে মৌসুমটা শুরু করার জন্য এটি ছিল সত্যিই ইতিবাচক একটি বিকাল। শুরু থেকেই বোঝা যাচ্ছিল,
উচ্ছ্বাস আরও এক ধাপ বেড়ে গেছেÑ এটাই তো আমরা চেয়েছিলাম। দল দুর্দান্ত খেলেছে, ভীষণ
আত্মবিশ্বাসী ছিল। অনেক সুযোগ তৈরি করেছে, আর কিছুই হজম করতে হয়নি। পাঁচ গোল আর একটি
ক্লিন শিটÑ শুরুটা সত্যিই অসাধারণ।’
ম্যাচ শেষে ইয়োকেরেস বলেছেন, ‘সত্যিকথা বলতে আমি খুবই খুশি। এটি সত্যিই
ভালো স্কোর (নিজের ২ গোল আদায়ের ব্যাখ্যায়)। খুব প্রেসারে ছিলাম। তবে আমি নিশ্চিত ছিলাম,
সুযোগ আসবে আজ হোক বা কাল। আমরা ৫-০ গোলে জয় পেয়েছি। এটি অসাধারণ দিন।’
তিনি আরও বলেন, ‘আমার জন্য প্রাক-মৌসুমটা ছিল সংক্ষিপ্ত, খুব বেশি
সপ্তাহ অনুশীলনের সুযোগও হয়নি। তারপর অবশ্য প্রাক-মৌসুমে ৯০ মিনিট খেলা গুরুত্বপূর্ণ
ছিল। এই ম্যাচে ৯০ মিনিট খেলাটা আমাকে ছন্দে ফিরতে সাহায্য করেছে এবং দলের সঙ্গে আরও
ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে।’