প্রীতি ম্যাচ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:২৩ পিএম
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফরের দিনক্ষণ। লিওনেল মেসি, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজদের মতো তারকায় ঠাসা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি চলতি বছরের নভেম্বরে ভারত সফরে আসবে বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে
এএফএ জানিয়েছে, ২০২৫ সালের অবশিষ্ট সময়ে দুটি ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
প্রথম উইন্ডোটি নির্ধারিত হয়েছে ৬ থেকে ১৪ অক্টোবর, যেখানে যুক্তরাষ্ট্রে মাঠে নামবে
স্কালোনির শিষ্যরা। দ্বিতীয় উইন্ডো ১০ থেকে ১৮ নভেম্বর, সে সময়ে অ্যাঙ্গোলার লুয়ান্ডা
এবং ভারতের কেরালায় খেলার কথা রয়েছে আর্জেন্টিনার।
ভারতের কেরালা রাজ্যের
ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও এই সফরের খবর নিশ্চিত করেছেন। তবে কেরালার কোন শহরে
ম্যাচটি হবে কিংবা প্রতিপক্ষ কে
তা এখনো চূড়ান্ত হয়নি। এর পাশাপাশি
অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ সম্পর্কেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে সর্বশেষ ২০১১
সালে ভারতে এসেছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে
খেলেছিল তারা। এবারও সফরটি প্রথমে শঙ্কায় পড়লেও সব সংশয় কেটে গেছে। ফলে ১৪ বছর পর আবারও
ভারতীয় মাটিতে দেখা যেতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের।
দলের সফরের পাশাপাশি
ব্যক্তিগতভাবেও ভারতে আসার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির। ডিসেম্বরে 'গ্রেটেস্ট অব অল
টাইম ট্যুর অব ইন্ডিয়া'র অংশ হিসেবে মেসির কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ভ্রমণের
কথা রয়েছে। কোন শহরে কোন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, সেটিও প্রায় চূড়ান্ত হয়েছে।
এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা। ইকুয়েডর ও ব্রাজিল রয়েছে যথাক্রমে দুই ও তিন নম্বরে, তবে তাদের পয়েন্ট সমান ২৫। ৫ সেপ্টেম্বর বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা, বাংলাদেশ সময় যেটি শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে ঘরের মাঠে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে তারা।