প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৫:১৯ পিএম
অভিষেকেই জোমেল ওয়ারিকেনের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান
দীর্ঘ সময় জাতীয় টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। অবশেষে নতুন মঞ্চে ফিরে এলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। প্রথমবারের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নিজের নাম লেখালেন পাকিস্তানের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হন রিজওয়ান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারকে ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে পাকিস্তান টি-টোয়েন্টি দলে আর দেখা যায়নি। চলতি বছরের আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের স্কোয়াডেও সুযোগ মেলেনি তার। সিপিএলকে নিজের ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নেন রিজওয়ান। কিন্তু প্রথম ম্যাচেই ব্যাট হাতে হতাশ করেছেন তিনি।
আজ শুক্রবার প্রথমবারের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সি গায়ে মাঠে নামেন
রিজওয়ান। তবে প্রত্যাশিতভাবে শুরু হয়নি তার নতুন অধ্যায়। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে
নেমে মাত্র ৬ বল খেলে সংগ্রহ করেন মাত্র ৩ রান। বার্বাডোজ রয়্যালসের স্পিনার জোমেল
ওয়ারিকেনের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই পাকিস্তানি ব্যাটার।
তবে রিজওয়ানের ব্যর্থতা
সত্ত্বেও ম্যাচে জয় পেয়েছে তার দল সেন্ট কিটস। ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে বার্বাডোজ
রয়্যালসকে ১২ রানে হারিয়েছে তারা। এ জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচে দ্বিতীয়বারের মতো জয়
তুলে নিলো সিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে
এসেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক
দল সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে
শীর্ষস্থান দখল করে রেখেছে তারা।