প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২০:৫৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫ ২১:০০ পিএম
লুকা মদরিচের কাছে সান্তিয়াগো বার্নাব্যু আজীবন এক অমলিন ঠিকানা
দিনটা ছিল ২০২৫ সালের ২৮ জুন। মাদ্রিদের এক হিমশীতল সকাল। জানালার পাশে কফি হাতে ঠায় দাঁড়িয়ে লুকা মদরিচ। কাচের ওপারে তার দৃষ্টি গিয়ে গেঁথে আছে খানিক দূরের এক ওক গাছে। অবশ্য ঢেউ খেলানো দৃষ্টিনন্দন পাতার দিকেই বেশি মনোযোগ তার। হালকা লালচে-বাদামি পাতা ছুঁয়ে শুভ্র সাদা বরফপানি গড়িয়ে পড়ছে মাটিতে। ব্যাপারটা মন্দ নয়। অপরূপ বটে।
কফি ফুরোবার আগেই রিয়াল প্রাণভোমরার
মন-মস্তিষ্কে হাজারও প্রশ্নের আঁকিবুঁকি। ভেসে গেলেন ১৩ বছরের এক দীর্ঘ যাত্রায়। যা অনেকটা ঘোরের
বশে, আনমনে। শেষ চুমুকে বুকের ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস ‘আহ!’ যেন এক পেয়ালা
কফির মতো ক্ষণস্থায়ী সময়ে ঝড় হয়ে বয়ে গেল বার্নাব্যুর সব স্মৃতি। ১৩ বছরের স্মৃতি যেন
হানা দিল ১.৩ ০ সেকেন্ডে।
২০১২ সালে টটেনহাম থেকে আসা তরুণ মাঝমাঠের কারিগর হয়ে ওঠা রিয়ালের প্রাণভোমরা। সাদা জার্সি গায়ে ৫৯৭ ম্যাচে গড়া ইতিহাস। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ কিংবা ফিফা ক্লাব বিশ্বকাপÑ কত শত শিরোপার সাক্ষী তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সার্জিও রামোস কিংবা ভিনিসিয়ুস জুনিয়রদের সঙ্গে কাটানো অগণিত মুহূর্তÑ হাসি-ঠাট্টা, প্রতিপক্ষকে হারানোর নীল নকশা, জয়োল্লাসÑ সবই ফেরে মনের পর্দায়।

বিদায়ের দিনেও তিনি ভুলতে
পারেননি রিয়ালকে। পারেননি এসি মিলানে যোগ দেওয়ার পরও। মদরিচের হৃদয়ে এখনও বার্নাব্যুই
ঠিকানা, এখনও সেটিই ঘর। ডিএজেডএনের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাই অকপটে বললেন
সে কথা, ‘যার শুরু আছে, তার শেষও আছে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে। রিয়াল মাদ্রিদে আমার
অধ্যায় শেষ হয়েছে, তবে আমার কাছে রিয়াল মাদ্রিদ নিজের বাড়ির মতো। আজীবন কৃতজ্ঞ থাকব।’
৩৯ বছরে দাঁড়িয়ে তার বেশিরভাগ
সমসাময়িক অনেক আগেই বুট তুলে রেখেছেন। কিন্তু মদরিচ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। কারণ
একটাইÑ খেলার প্রতি তার অনন্ত ভালোবাসা। ‘আমি নতুন চ্যালেঞ্জ খুঁজছি খেলার প্রতি টান
থেকেই। প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলতে চাই যতদিন সম্ভব। অনুপ্রেরণা এখনও আছে, ভালোবাসা
এখনও অটুট।’
হয়তো আর সাদা জার্সি গায়ে
মাঠে নামবেন না, কিন্তু হৃদয়ের পাতায় রিয়াল মাদ্রিদ থাকবে চিরকাল। লুকা মদরিচের কাছে
সান্তিয়াগো বার্নাব্যু আজীবন এক অমলিন ঠিকানা।