প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৫:৪১ পিএম
জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। ছবিতে নবপরিণীতা স্ত্রীর হাত ধরে থাকা তামিম ক্যাপশনে লেখেন, ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’
সামনে এশিয়া কাপের মতো
বড় মঞ্চ, সেখানে জাতীয় দলের অন্যতম ভরসা হিসেবেই দেখা যাবে বাঁহাতি এই ওপেনারকে। ওপেনিং
পজিশনে ক্রমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি, এবং দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে
বিবেচিত হচ্ছেন।
ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন তানজিদ তামিম। এরই ধারাবাহিকতায়
২০২৩ সালে জাতীয় দলে অভিষেক ঘটে তার। স্বল্প সময়েই নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে দলে
অপরিহার্য হয়ে উঠেছেন এই ক্রিকেটার।
এখন পর্যন্ত জাতীয় দলের
হয়ে ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম, যেখানে চারটি অর্ধশতকের সাহায্যে সংগ্রহ করেছেন ৫৪৮
রান। ওয়ানডে ক্যারিয়ারে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৪ রান। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে
২৯ ম্যাচে মাঠে নেমে করেছেন ৬৫৫ রান, যেখানে রয়েছে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
ব্যাট হাতে আস্থা ও সম্ভাবনার প্রতীক হয়ে ওঠা তানজিদ হাসান তামিমের নতুন জীবনের এই শুভ সূচনায় ক্রিকেট অঙ্গনসহ সকল ভক্ত-সমর্থক তার ও তার স্ত্রীর জন্য শুভকামনা জানিয়েছেন।