× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলোয়াড় সংকটে প্রস্তুতিতে ঘাটতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:৪৩ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৫ ২০:৪৫ পিএম

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে  ।। প্রবা ফটো

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ।। প্রবা ফটো

জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়া ইস্যুতে সরগরম দেশের ফুটবল পাড়া। ক্যাম্পের জন্য খেলোয়াড় চাইলে এখনই দিতে অসম্মতি জানায় বসুন্ধরা কিংস। ফিফার নিয়ম মেনে তারা ৭২ ঘণ্টা আগেই তাদের খেলোয়াড় ছাড়বে বলে জানায়। সংকট কাটাতে বয়সভিত্তিক ফুটবলারদের ক্যাম্পে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ক্যাম্প নাকি ক্লাবের অনুশীলন ভালোÑ এমন প্রশ্নে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এগিয়ে রাখেন জাতীয় দলের অনুশীলনকে। তবে কোচ বিতর্কে যেতে না চাইলেও বলেন প্রস্তুতিতে ঘাটতি থাকছে।

নেপালের বিপক্ষে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে দলের ক্যাম্প। প্রথম দিন ৫ জনের পর বুধবারের আগ পর্যন্ত ক্যাম্প হয় ১৪ ফুটবলার নিয়ে। এদের নিয়েই মঙ্গলবার বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেন জামালরা। ম্যাচে ড্র করে জাতীয় দল। এ ধরনের ক্যাম্পে সাধারণত দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ প্রাকটিস করে। ক্যাম্পে মাত্র ১৪ জন থাকায় সেই সুযোগ নেই। ১৪ জনকেই তাই দুই ভাগে ম্যাচ প্রাকটিস করান কোচ কাবরেরা। এ নিয়ে বুধবার জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের জামাল বলেন, ‘এতে আইডিয়াল প্রাকটিস হয় না। দুই পক্ষে ১১ জন করে খেলোয়াড় থাকলে ভালো হতো, কিন্তু এখন তো ৫ জন করে খেলতে হচ্ছে।’

জাতীয় দলের ক্যাম্পের জন্য বসুন্ধরা কিংসের খেলোয়াড় না ছাড়ায় অনেকেই বিষয়টি ভিন্নভাবে ব্যাখা করছেন। তবে এই প্রসঙ্গে জামাল নিশ্চুপ, ‘এখন যেটা হচ্ছে তা আমার ব্যাপার না।’এরপর জাতীয় দলের অধিনায়ককে প্রশ্ন করা হয় প্রীতি ম্যাচ সামনে রেখে দীর্ঘ সময় ক্যাম্পের আবশ্যকতা কতটুকু, যেহেতু ১ মাস পরই শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। সে ক্ষেত্রে ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে কম্বিনেশনের জন্য নিজ নিজ ক্লাবেই থাকা উচিত কি না? এমন প্রশ্নে ছোট উত্তরে জামালের ভাষ্য, ‘এখানে (জাতীয় দলে) তো প্রাকটিস ভালো হয়।’

জাতীয় দলের ক্যাম্পে কাবরেরা পাননি লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরীকে। একই সঙ্গে ইতালিয়ান ফোর্থ টায়ারে খেলা ফাহামিদুল ইসলাম ও কানাডাপ্রবাসী খেলোয়াড় শমিত সোমকে আনা যায়নি কোচের চলমান এই ক্যাম্পে। তারা থাকলে প্রস্তুতি আরও ভালো হতো কি না জানতে চাইলে জামাল বলেন, ‘এ নিয়ে আমার কোনো ধারণা নেই।’


অনুশীলন ক্যাম্পে সব খেলোয়াড় একসঙ্গে পেলে ভালো হতো

হাভিয়ের কাবরেরা

কোচ, জাতীয় ফুটবল দল

ফেডারেশন-ক্লাব দ্বন্দ্বে কোচ কাবরেরা বলেছেন, ‘আমি সবার মতামতকে শ্রদ্ধা করি। বিভিন্ন সময়ে বাফুফে সদস্যদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। তারা তাদের মতামত দিয়েছেন, আমি আমারটা দিয়েছি। কেউ একমত হয়েছেন, কেউ ভিন্নমত দিয়েছেনÑ এটাই স্বাভাবিক। আমি সব সময় মৌসুম শুরুর আগে একটি পরিকল্পনা তৈরি করি। এটা অনেক মাস আগেই আলোচনা করা হয়েছিল। আমি ইমরুলের (বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান) সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না। আমি তাকে অনেক শ্রদ্ধা করি। আমরা শুধু এই ক্যাম্পে ভালোভাবে প্রস্তুত হওয়ার ওপরই মনোযোগ দিচ্ছি।’

১৪ জন নিয়ে খুব একটা ভালো প্রস্তুতি না হলেও ইতিবাচক কাবরেরা, ‘ক্যাম্প নিয়ে আমরা খুশি এবং খুবই ইতিবাচক। আমি মনে করি, এটি কার্যকর হবে। কারণ প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছি। যা কেবল নেপালের বিপক্ষে প্রস্তুতির জন্যই কাজে আসবে না, বরং হংকং আর ভারতের বিপক্ষে বড় ম্যাচগুলোর কথাও ভেবে রাখছি। অবশ্যই আমরা চেয়েছি সব খেলোয়াড় একসঙ্গে পেলে ভালো হতো।’

আগামী অক্টোবরে এক সপ্তাহের ব্যবধানে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ সামনে রেখেই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও এর আগে কোচ কাবরেরাই বলেছিলেন, সেপ্টেম্বর উইন্ডোতে দক্ষিণ এশিয়ার কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলবে না বাংলাদেশ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা