প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:৪১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫ ২০:৪৬ পিএম
বাংলাদেশ নারী ফুটবল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বে শতভাগ জয়ের দারুণ সাফল্যে বিশ্ব ফুটবলে নিজের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশের নারী দল। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে বর্তমানে তাদের অবস্থান ১০৪তম। এমন ঐতিহাসিক অগ্রগতিতে প্রশংসা করেছে ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা দ্য গার্ডিয়ান, বিশেষ করে দলটির নেতৃত্বে থাকা অধিনায়ক আফিদা খন্দকারের কথা আলাদাভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০
নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার সম্প্রতি দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“এটা শুধু আমাদের নয়, বাংলাদেশের প্রতিটি মেয়ের
সাফল্য, যারা স্বপ্ন দেখতে সাহস করে। বিশ্বাস, কঠোর পরিশ্রম
আর ঐক্যের মাধ্যমে কী অর্জন করা যায়, এই সাফল্য তারই প্রমাণ। তবে এখানেই থামতে চাই
না, সামনে আরও চ্যালেঞ্জিং প্রস্তুতি রয়েছে,আমরা প্রস্তুত।”
সাতক্ষীরায় আফিদার ফুটবলে
হাতেখড়ি বাবার হাত ধরেই। তার বাবা নিজেও একসময় জেলা পর্যায়ে ফুটবল খেলেছেন। কিন্তু
সংসারের দায়ে খেলা ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাতে হয় তাকে। দেশে ফিরে তিনি স্থানীয় শিশুদের
নিয়ে একটি ফুটবল একাডেমি গড়ে তোলেন। সেই একাডেমির প্রথম শিক্ষার্থী ছিলেন তার দুই মেয়ে—আফিদা এবং আফরা। যদিও বড় বোন আফরা পরবর্তীতে বিকেএসপির হয়ে পেশাদার
বক্সিংয়ে ক্যারিয়ার গড়েন।
বাবার অনুপ্রেরণার কথা
বলতে গিয়ে আবেগভরা কণ্ঠে আফিদা বলেন, “বাবাই আমার ফুটবল ভালোবাসার সবচেয়ে বড় প্রেরণা।
তিনি সবসময় বিশ্বাস করতেন, মেয়েরাও ছেলেদের মতো— বরং
আরও ভালো খেলতে পারে। মাঠে তিনি ছিলেন কঠোর এক কোচ, কোনো ছাড় দিতেন না। সেই অনুশাসন
আর পরিশ্রমই আমাকে আজকের জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।”
মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলের নেতৃত্বে থাকা আফিদার চোখ এখন আরও বড় লক্ষ্যপানে। তার ভাষায়, “এশিয়ান কাপে জায়গা করে নেওয়া কেবল শুরু। আমি চাই, আমাদের এই অর্জন দেশের মানুষ যথাযথভাবে স্বীকৃতি দিক। তবে এখানেই থেমে থাকতে চাই না—আমরা বিশ্বকে দেখাব, বাংলাদেশ নারী ফুটবল কী করতে পারে।”