প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৬:০৭ পিএম
মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ ছবি: সংগৃহীত
অ্যানফিল্ডে মোহামেদ সালাহর বিদায়ের ঘণ্টা প্রায় বেজে গিয়েছিল। তবে নাটকীয় মোড় ঘুরে অলরেডদের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হন মিশরীয় এই তারকা। এরপরই যেন বদলে যায় সব। গত মৌসুমে সালাহ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ২৯টি গোল করার পাশাপাশি আরও ১৮ গোলে সহায়তা করেন। তার অসাধারণ অবদানেই লিভারপুল ঘরে তোলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।
এই সাফল্যের স্বীকৃতি
হিসেবে এবার রেকর্ড তৃতীয়বারের মতো ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন
(পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সালাহ। ম্যানচেস্টারে জমকালো আয়োজনে এই
পুরস্কার গ্রহণ করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এর আগে ২০১৮ ও ২০২২ সালে পিএফএ বর্ষসেরা
হয়েছিলেন তিনি। এই অর্জনের মধ্য দিয়ে সালাহ দুইবার করে পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো
রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ আরও ছয়জন তারকাকে ছাড়িয়ে গেলেন।
পুরস্কার পাওয়ার পর
প্রতিক্রিয়ায় সালাহ বলেন, “আমি নিজের দিকে তাকালাম। মিশর থেকে উঠে আসা একজন
মানুষ আজ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে ইতিহাস গড়েছে। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।”
এবারের পিএফএ বর্ষসেরা একাদশেও আধিপত্য বিস্তার করেছে চ্যাম্পিয়ন লিভারপুল। সালাহর পাশাপাশি দল থেকে জায়গা করে নিয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় জায়গা পাননি বর্ষসেরা একাদশে। পেপ গার্দিওলার দলটি গত মৌসুমে প্রত্যাশার চেয়ে অনেকটাই বাজে পারফরম্যান্স করেছে।