‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ’
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১২:০০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫ ১২:০২ পিএম
প্রবা ফটো
ঢাকার মাঠে আবারও ফিরছে ফুটবলের আমেজ। স্থানীয় পর্যায়ে ফুটবলকে আরও জনপ্রিয় করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজন করছে ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫’। পুরো টুর্নামেন্ট একযোগে অনুষ্ঠিত হবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে। ইতোমধ্যে দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, পাড়া-মহল্লাভিত্তিক ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, তরুণদের মাঠমুখী করা এবং ফুটবলের পুরোনো উন্মাদনা ফিরিয়ে আনতে আমরা এই আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, এটি নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিটি ওয়ার্ড থেকে স্থানীয় ১২টি দল টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর পাশাপাশি ঢাকার বাইরের সর্বোচ্চ ৪টি দল অতিথি হিসেবে খেলার সুযোগ পাবে, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতায় মোট ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রতিটি ওয়ার্ডের চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা এবং রানার্স-আপ দল পাবে ৪০ হাজার টাকা। সব মিলিয়ে টুর্নামেন্টে মোট পুরস্কারের পরিমাণ থাকছে ৫৪ লাখ টাকা।
দল নিবন্ধন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। খেলা শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রতিটি দলে ৬ জন মূল খেলোয়াড় ও ৪ জন অতিরিক্তসহ সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় রাখতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ৪৫ বছর। তবে জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না এবং একজন খেলোয়াড় কেবল একটি দলেই খেলার সুযোগ পাবেন।
অংশ নিতে আগ্রহী দলগুলোকে ৪ হাজার টাকা প্রবেশমূল্য জমা দিতে হবে। নিবন্ধনের সময় প্রত্যেক খেলোয়াড়ের ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের অনুলিপি অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। খেলা অনুষ্ঠিত হবে ডিএনসিসির অধীনস্থ ৮টি মাঠে।
টুর্নামেন্টের বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য আয়োজকদের ওয়েবসাইট dncc-cup.info-তে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
এক নজরে জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫