প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:০০ পিএম
ছবি: সংগৃহীত
সর্বশেষ এগারোতম আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত চলছে পুরোদমে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন করেছে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে।
তদন্তের প্রাথমিক পর্যায়েই
অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম, যার মধ্যে অন্যতম হলো ঢাকা ক্যাপিটালস।
এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার নিজেদের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ।
বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি
জানিয়েছে, “বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু
থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তাঁরা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সব সময় তা সরবরাহ
করেছি। তদন্তপ্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।”
ঢাকা ক্যাপিটালস বলেছে,
‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে
যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ
কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো
আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিপর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’