প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৫:৪১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫ ১৫:৩৩ পিএম
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর এবার কেন্দ্রীয় চুক্তিতেও অবনম বাবর-রিজওয়ানের ছবি: সংগৃহীত
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার ধাক্কা সামলাতে না সামলাতেই আরও একটি খারাপ খবর পেলেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দল থেকে ছিটকে যাওয়ার একদিন পরই এবার কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন হয়েছে তাদের। ২০২৫-২৬ মৌসুমের জন্য আজ মঙ্গলবার ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় বাবর ও রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থান দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে
কেবল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানই ছিলেন একমাত্র ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। তবে এবার সেই তালিকায় কাউকেই রাখা হয়নি। অর্থাৎ,
নতুন মৌসুমের জন্য ঘোষিত চুক্তিতে ‘এ’ ক্যাটাগরি সম্পূর্ণ ফাঁকা, যা পাকিস্তান ক্রিকেটের
সাম্প্রতিক অবস্থা ও পারফরম্যান্স ভিত্তিতে করা হয়েছে।
তবে এবারের তালিকায়
ক্রিকেটারদের সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪-২৫ মৌসুমে যেখানে ২৭ জন ক্রিকেটার ছিলেন,
সেখানে এবার সংখ্যা দাঁড়িয়েছে ৩০-এ। এর মধ্যে ১২ জন নতুন মুখ। উন্নতি হয়েছে কয়েকজন
পরিচিত মুখেরও। আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান এবার
উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে রাখা হয়েছে এশিয়া
কাপ স্কোয়াডে সুযোগ পাওয়া পেসার শাহিন শাহ আফ্রিদিকেও।
এদিকে আরেক পেসার নাসিম
শাহ, যিনি এবার এশিয়া কাপের দলে জায়গা পাননি, তাকেও রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে।বাবর ও রিজওয়ানের ধারাবাহিক পারফরম্যান্স
বিবেচনায় চুক্তিতে এমন অবনমন হয়েছে।
কেন্দ্রীয় চুক্তির
তালিকা (২০২৫–২৬):
ক্যাটাগরি ‘বি’
(১০ জন):
আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম
আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি ‘সি’
(১০ জন):
আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম
শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।
ক্যাটাগরি ‘ডি’
(১০ জন):
আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ
আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।