× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওয়ার হিটিং নিয়ে আশা শোনালেন জাকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২০:৩০ পিএম

নেদারল্যান্ডস ও এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা

নেদারল্যান্ডস ও এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আট জাতির টুর্নামেন্টের আগে চলতি মাসের শেষদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে বেশ ভালোভাবেই প্রস্তুতি সারছে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল মঙ্গলবার টাইগাররা সিলেটের উদ্দেশে রওনা দেবেন। ডাচদের বিপক্ষে সেখানেই লড়বেন লিটন দাসরা। তার আগে  সোমবার ঢাকায় শেষদিনের অনুশীলন করেন তারা।

শেষদিনে অর্থাৎ সোমবার অনুশীলন শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সেখানে পাওয়ার হিটিং, নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ নিয়ে কথা বলেন তিনি। জাকের জানান, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ। তার আগে নেদারল্যান্ডস সিরিজের প্রতিটি ম্যাচে জয়ের উচ্চাশা পোষণ করেন তিনি।

বৈশ্বিক টুর্নামেন্টে জয় পেতে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই। ক’মাস আগে অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরাতের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশ। পাওয়ার হিটিংয়ে পিছিয়ে থাকার কারণে ভরাডুবি হয় লিটন দাসদের। সিরিজ খুইয়ে ফেরে তারা। এজন্যই বাড়তি সতর্ক বিসিবি। পাওয়ার হিটিংয়ে বেশ জোর দিচ্ছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা। বিসিবি নিয়োগ দিয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে।

সাম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করে যাচ্ছেন উড। জাকের শোনালেন এই কোচের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা, ‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’

কোচ উড এসেছেন একেবারে স্পেশাল এক ব্যাট নিয়ে। ‘প্রো ভ্যালোসিটি’ নামের এই ব্যাট ক্রিকেটারদের ব্যাট স্পিড আর হাত-চোখের সমন্বয়ে সাহায্য করে। ব্যাটটা ঘোরালে যে শব্দ হয়, সেটাই বলে দেয় শটের শক্তি কেমন হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তার অনুশীলনের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই ব্যাট নিয়ে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জাকের বলেন, ‘যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, ওইটা যদি বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে। সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই কাজে দেবে।’

জাকের মনে করেন পাওয়ার হিটিংয়ের সময় নিজের খেলার ধরন পাল্টে ফেলতে হবেÑ এমনটাও নয়। তার ভাষায়, ‘যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে... এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’

এ দিন এশিয়া কাপ নিয়ে জাকের বলেন, 'আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।'

আট জাতির টুর্নামেন্টে নিজের কোনো লক্ষ্য আছে কি না জানতে চাইলে জাকের জানান, ‘না, আমি নরমালি এত গোল সেট করি না আসলে। কারণ টি-টোয়েন্টিতে আমার ব্যাটিংটা সার্টেন চেঞ্জ হয়ে যায়। কখনও আগে যেতে হয়, তো আসলে ঐরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঐরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করা... এরকমই, এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে।’

পরে নেদারল্যান্ডস সিরিজ নিয়ে জাকের বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। দলেরও একই রকম চিন্তা-ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচে জিততে হবে, একই প্রচেষ্টা দিয়ে খেলতে হবে। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আমরা যেভাবে ক্রিকেট খেলি, সেটি যেকোনো দলের বিপক্ষেই হোক, আমরা সমানভাবে চেষ্টা করব।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা