× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

ম্যানইউর দুঃখগুলো কাছিমের মতো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২০:২৩ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ২৩:১৫ পিএম

ম্যানইউর দুঃখগুলো যেন কাছিমের মতো। গুটি গুটি পায়ে আর এগোতে পারে না

ম্যানইউর দুঃখগুলো যেন কাছিমের মতো। গুটি গুটি পায়ে আর এগোতে পারে না

‘ফুটবল ৯০ মিনিটের যুদ্ধ, আর জয়টা সাহসীদের পক্ষে’— ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের এই উক্তিটির ব্যাখ্যায় বলা যায়, প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের জন্য যথেষ্ট সাহসী নন রেড ডেভিলরা! তা না হয় ম্যানইউর তীর্থভূমি ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের চেয়ে সামষ্টিকভাবে এগিয়ে থেকেও কীভাবে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এ যেন রোবেন আমোরিমের দলকে তাড়া করে বেড়াচ্ছে ২০২৪-২৫ মৌসুমের ভূত।

রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় হট ফেভারিট তকমা নিয়ে মাঠে নামে ম্যানইউ। সব পরিসংখ্যানই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে। প্রিমিয়ার লিগে গানার্সদের বিপক্ষে আগের ১৮ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে তারা। এর আগে লিগে নিজেদের প্রথম ম্যাচে একবারই আর্সেনালকে আতিথ্য দিয়েছে। এর সঙ্গে ছিল একটি মাইলফলকের হাতছানি- সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের বিপক্ষে ১০০তম জয়ের!

ম্যাচটি মোটেও সুখকর হয়নি ব্রুনো ফার্ন্দানেজদের জন্য। ম্যাচঘড়ির ১৩ মিনিটে রিকার্দো কালাফিওরির গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। এরপর আগ্রাসী হয়ে ওঠে স্বাগতিকরা। বলের দখল, গোলে শট, লক্ষ্যে রাখা শটÑ সব দিক থেকেই গার্নাসদের পেছনে ফেলে ম্যানইউ। সব মিলিয়ে ৬২ শতাংশ বল দখল ছিল ইউনাইটেডের। আর্সেনালের ৯ শটের বিপরীতে গোলে তারা শট নেয় ২২টি। ইউনাইটেড ২২ শটের ৭টিই লক্ষ্যে রাখে, আর্সেনাল লক্ষ্যে রাখতে পারে মোটে ৩টি শট।

সেঞ্চুরির স্বপ্ন নিয়ে খেলতে নামা রুবেন আমোরিমের দল ব্যর্থ হয়েছে। পরিসংখ্যান পক্ষে থাকলেও ইউনাইটেডের সেই সুসময় যে আর নেই। তাদের দুঃখগুলো যেন কাছিমের মতোই। গুটি গুটি পায়ে আর এগোতে পারে না। ভুলে যাওয়ার একটি মৌসুমই গতবার কেটেছে ইউনাইটেডের। ১৮টি ম্যাচ হেরেছে, ৯টি ড্র করেছে; লিগ শেষ করেছিল ১৫তম হয়ে। এবারও শুরু হার দিয়ে।

দলের পরাজয় নিয়ে আমোরিমের কৌশলকে দায়ী করছেন অনেকে। এ নিয়ে ম্যাচ শেষে পর্তুগিজ কোচ বলেন, ‘সিস্টেমটা অতিরিক্ত মূল্যায়ন করা হয়। এটা সিস্টেমের ব্যাপার না। আপনি দেখেছেন, কখনও আমরা পাঁচজন নিয়ে রক্ষা করেছি, কখনও চারজন, আবার কখনও তিনজন। ম্যাচের বেশিরভাগ সময় ছিল তিন বনাম তিন। তাই এটা আসলে নির্ভর করে আমাদের খেলোয়াড়দের খেলায় কতটা তীব্রতা আছে, তারা কতটা সাহসী, প্রতিভাবান এবং শক্তিশালী। আমরা এই দিকগুলোতেই কিছুটা বেশি দেখিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখনও অনেক কিছু করতে হবে এবং সামনে যেটা আসছে সেটার দিকে মনোযোগ দিতে হবে। আমার মনে হয়, ওরা (খেলোয়াড়রা) এখন আরও ভালোভাবে বুঝতে পারছে যে আমাদের কীভাবে খেলতে হবে।’

দল জিতলেও শিষ্যদের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় খুশি নন মাইকেল আর্তেতা। তিনি বলেন, ‘আমি আসার আগে ১৮ কিংবা ২২ বছর ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারেনি আর্সেনাল, আর এখন আমি এখানে (মৌসুমের প্রথম ম্যাচ) জিতে ড্রেসিংরুমে যাব এবং তারপরও আমরা খুশি নই। ভালো লক্ষণ।’

তিনি আরও বলেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমের প্রথম ম্যাচে একটা বড় জয় এলো। যখন মনে হবে, তারা বিশেষ কিছু গড়ে তুলছে, নতুন খেলোয়াড়দের নিয়ে মোমেন্টাম পাচ্ছে এবং দারুণভাবে মৌসুম শুরু করতে চায়, তখন তাদের মাঠেই এই জয়Ñ আমার মনে হয় আমি খুব খুশি।’

প্রিমিয়ার লিগে রাতের অন্য খেলায় ব্রান্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। চেলসি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা