এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২০:১৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫ ২০:২০ পিএম
পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে থিতু হতেই পারছেন না মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন। প্রায় বছর ঘনিয়ে এসেছে তারা টি-টোয়েন্টি খেলেননি। অনেক দিন ধরে গুঞ্জন থাকলেও এবার তা সত্যি হলো। আজ পাকিস্তানের সেরা দুই ব্যাটসম্যানকে ছাড়াই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৭ সদস্যের
দল ঘোষণা করেছে পিসিবি। ফখর জামানের চোটের কারণে বাবরের ফেরার যে একটা গুঞ্জন শোনা
যাচ্ছিল, সেটা গুঞ্জনই থেকে গেল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব
দেবেন সালমান আলী আঘা। টপ অর্ডারে থাকছেন সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহানের
মতো বিধ্বংসী ব্যাটাররা।
মিডল অর্ডারে
অধিনায়ক সালমানের সঙ্গে থাকছেন হাসান নাওয়াজ-খুশদিল শাহর মতো তারকারা। ছক্কা মারতে
যে হাসান নাওয়াজ বেশি পছন্দ করেন, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে
এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাটিং করে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন তিনি। খুশদিলের কয়েক ওভার
বাঁহাতি স্পিন বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম
আশরাফ ও হুসেইন তালাতের সঙ্গে থাকছেন আরেক বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ
নাওয়াজ।
লেগস্পিনার শাদাব খানকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই সত্যি হলো। এশিয়া কাপের দলে জায়গা হয়নি পাকিস্তানি এই লেগস্পিনারের। স্বীকৃত স্পিনার হিসেবে লেগস্পিনার আবরার আহমেদের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিম। এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চার মাস পর ফিরছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন চলতি বছরের এপ্রিলে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। এশিয়া কাপে স্বীকৃত পেসার হিসেবে ওয়াসিমের সঙ্গে থাকছেন হারিস রউফ, হাসান আলী, সালমান মির্জারা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে গত মাসে মির্জা বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
পাকিস্তান
দল : সালমান
আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ,
মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন
তালাত, সুফিয়ান মুকিম, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
হারিস রউফ, হাসান আলী।