প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২০:১৪ পিএম
টপ এন্ড টি টোয়েন্টির নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে ঘুরে দাঁড়ানোর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সোহানবাহিনী। আজ বিগ ব্যাশের দল পার্থ স্করচার্সের একাডেমি দলের বিপক্ষে ৫ উইকেটের হারে হতাশাজনকভাবে মাঠ ছেড়েছে গতবারের রানার্সআপ বাংলাদেশ ‘এ’ দল।
টস জিতে প্রথমে ব্যাট
করে ব্যাটিং ব্যর্থতার চিত্র আরও একবার তুলে ধরেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯
উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করেছে মাত্র ১২৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে আফিফ
হোসেনের ব্যাট থেকে। ৪৯ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তিনি। রাকিবুল হাসান করেছেন ১৬
রান। বাকি ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দীর্ঘদিন ধরে রানখরায় ভোগা ওপেনার
নাঈম শেখ এদিনও ব্যর্থ। ৬ বলে মাত্র ৫ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ভেঙে যায় মাত্র
৯ রানের উদ্বোধনী জুটি।
সাম্প্রতিক সময়ে ভালো
ফর্মে থাকা জিশান ১৩ বলে ৯ রান করে ফিরলে আরও চাপ বাড়ে। তিন নম্বরে নামা সাইফ হাসান
তো রানের খাতা খুলতেই পারেননি। মাত্র ২৫ রানেই তিন টপ অর্ডার ব্যাটারের উইকেট হারিয়ে
বিপদে পড়ে দল। সেই অবস্থায় ইনিংস মেরামতের চেষ্টা করেন আফিফ হোসেন। তবে অন্যপ্রান্তে
মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহানরা থিতু হতে পারলেও বড় ইনিংস খেলতে
ব্যর্থ হন।
স্বল্প পুঁজিতেও শুরুটা
ভালো করেছিল বাংলাদেশের বোলাররা। নতুন বলে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। ইনিংসের
দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দেন তিনি। রাকিবুল হাসানও নিয়ন্ত্রিত
বোলিং করেন। এতে ৫০ রানের আগেই তিন উইকেট হারায় পার্থ স্করচার্স একাডেমি। কিন্তু এরপর
আর সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা।
মিডল অর্ডারে জুয়েল
কোর্ডিস দেখেশুনে খেলেন এবং দলের জয় নিশ্চিত করেন। ১২ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে
পৌঁছে যায় পার্থ। এটি তাদের টানা দ্বিতীয় জয়। অন্যদিকে, তিন ম্যাচে এটি বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় হার, যা সেমিফাইনালে ওঠার পথ কঠিন
করে তুলেছে নুরুল হাসান সোহানদের জন্য।
১১ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।