এনসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৫:৫৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগ
(এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। দেশের
সাতটি বিভাগীয় দলের সঙ্গে এবার যুক্ত হয়েছে একটি মেট্রো দলও। পুরো আসরে দায়িত্ব পালন
করবেন অভিজ্ঞ ও নবীন দেশীয় কোচেরা। বিপিএলের আগে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবেই এই
টুর্নামেন্টকে দেখছেন ক্রিকেটাররা, যাদের অনেকে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
এবারের আসরে ঢাকা বিভাগের
কোচের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল। বিপিএলে ফরচুন বরিশালের কোচ হিসেবে টানা
দুই মৌসুম (২০২৪ ও ২০২৫) শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
চট্টগ্রামের দায়িত্ব
পেয়েছেন মাহবুব আলী জ্যাকি, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়নে কাজ
করে যাচ্ছেন এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
সিলেটের কোচ হিসেবে
থাকছেন সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ। বয়সভিত্তিক দলের গঠন এবং খেলোয়াড় প্রস্তুতিতে
তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছেন আব্দুল করিম জুয়েল,
যিনি এই অঞ্চলের ক্রিকেট কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং দীর্ঘদিন ধরে কাজ করে
যাচ্ছেন।
বরিশাল দলের কোচের ভূমিকায়
দেখা যাবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির
রেকর্ডধারী এই ব্যাটার কোচিং পেশায় যুক্ত হয়েছেন বেশ কিছুদিন আগে এবং সর্বশেষ বিপিএলেও
সফলভাবে কাজ করেছেন। এবার এনসিএলে বরিশালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
খুলনা বিভাগের কোচ হিসেবে
থাকছেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তুষার ইমরান। ১১ হাজারের
বেশি রান করা তুষার অবসরের পর থেকে কোচিংয়ে সক্রিয় এবং ইতোমধ্যে বিভিন্ন ক্লাব ও বিপিএল
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন।
রংপুর বিভাগের দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম খান,
যিনি দীর্ঘদিন ধরে জেলা ও স্থানীয় পর্যায়ে কোচিং করিয়ে আসছেন।
এছাড়া ঢাকা মেট্রো দলের
কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। কোচিং পেশায় মনোনিবেশ
করা এই সাবেক ক্রিকেটার এবার মেট্রো দলের প্রধান কোচ হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
যদিও এই আসরের পর ঢাকা মেট্রো দল আর থাকছে না।