প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৪৬ পিএম
ফুটবলপ্রেমীদের অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিÑ ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ আঁ।
এফসি বোর্নমাউথ ও লিভারপুলের
ম্যাচ দিয়ে শুরু এবারের প্রিমিয়ার লিগ। বাংলাদেশ সময় রাত ১টায় অ্যানফিল্ডে বোনর্থমাউথকে
আতিথেয়তা দেবে বর্তমান চ্যাম্পিয়নরা। লা লিগায় রাত দেড়টায় ভিয়ারিয়াল খেলবে রিয়াল ওভিয়েদোর
বিপক্ষে। ফরাসি লিগে মার্সেই খেলবে রেন্নেসের
মাঠে গিয়ে। ম্যাচটি শুরু রাত দেড়টায়।
গত মৌসুমে লিভারপুল প্রিমিয়ার
লিগের শিরোপা-লড়াইটাকে একপেশে বানিয়ে ফেলেছিল। ফেব্রুয়ারিতেই ম্যানচেস্টার সিটিকে (২-০)
হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছিল দ্য রেডসরা। এবার অবশ্য তেমনটা হচ্ছে না!
লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসিÑ সবাই আছে দৌড়ে। অন্তত মৌসুম শুরুর
আগে চারটা দলকেই মনে হচ্ছে শিরোপার দাবিদার।
লিভারপুল দলে এনেছে ফ্লোরিয়ান
ভির্টৎসকে, যাকে বিশ্বের অন্যতম সৃজনশীল তরুণ তারকার খেতাব দিচ্ছেন কেউ কেউ। কেভিন
ডি ব্রুইনা, কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশদের ছেড়ে দিয়ে তরুণদের ওপর আস্থা রেখেছে ম্যানচেস্টার
সিটি, আর্সেনাল অবশেষে খুঁজে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত স্ট্রাইকার, আর পিএসজির বিপক্ষে
প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে চেলসি দেখিয়েছে, তারাও সেরাদের সঙ্গে লড়তে তৈরি। এই
চার দলের মুখোমুখি ১২টি ম্যাচেই সবচেয়ে বেশি চোখ থাকবে ফুটবলপ্রেমীদের।
গ্রীষ্মকালীন দলবদলের সময়
শেষ হতে আরও কয়েক সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর নতুন খেলোয়াড়
কিনতে ২০০ কোটি ইউরোর বেশি খরচ করেছে। আর এই খরচের একটা বড় অংশ গেছে স্ট্রাইকারদের
পেছনে। বোঝাই যাচ্ছে, আগের চেয়ে তুলনামূলক গোল বেশি হবে এবার। সে সঙ্গে গোলবারের নিচে
দাঁড়ানো ব্যক্তিকেই পড়তে হবে অগ্নিপরীক্ষায়।