প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত
ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে গেল ১০ জুন সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ওই হারের পর দুই মাস জাতীয় দলের কোনো ম্যাচ বা ক্যাম্প ছিল না। অবশেষে আগামী বৃহস্পতিবার থেকে আবার শুরু হতে যাচ্ছে জামাল ভূইয়াদের ব্যস্ততা। সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে ১৭৬তম অবস্থানে, বাংলাদেশ ১৮৪তম। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে ম্যাচ দুটি খেলবে। ওই দুই ম্যাচ সামনে রেখেই হাভিয়ের কাবরেরা প্রস্তুতি ক্যাম্প শুরু হলো। আর আজ বুধবার (১ে৩ আগস্ট) থেকে মাঠের অনুশীলনে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচ খেলতে দোহায় আছেন। সেখান থেকে ফিরে ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে ৩৬ দিন ছুটি কাটিয়ে গত রবিবার ঢাকায় এসেছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন তিনি।
নিজ নিজ ক্লাবের ব্যস্ততার কারণে হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোমকে নেপালের বিপক্ষে পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। যদিও জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, দুজনকে পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন কোচ কাবরেরা।
আগামী অক্টোবরে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।এ খেলা হবে ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে আর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলবে।
বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলে তিনে। হংকং দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে দুয়ে আছে।