প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৫:৫২ পিএম
জর্জিনা ও রোনালদো । ছবি: ইনস্টাগ্রাম
পরিচয়ের নয় বছর পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৬ সালে মাদ্রিদের গুচির একটি শোরুম থেকে যে প্রেমের যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন চূড়ান্ত পরিণতির পথে।
গল্পের শুরু মাদ্রিদের
এক শীতের বিকেলে। সময়টা সন্ধ্যার দিকে গড়াচ্ছে, আর তখনই গুচির শোরুমে প্রবেশ করেন সানগ্লাস
পরা রোনালদো। শোরুমের কাউন্টারের পেছনে ছিলেন তরুণী বিক্রয়কর্মী জর্জিনা রদ্রিগেজ।
দুনিয়াবিখ্যাত রোনালদোর পাশে জর্জিনা তখন একেবারেই সাধারণ একজন কর্মী। কিন্তু ভালোবাসার
ক্ষেত্রে এসব কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। চোখে চোখ পড়ার সেই মুহূর্তেই শুরু হয়েছিল এক
নতুন অধ্যায়।
প্রথম দেখায় তেমন কোনো
কথা না হলেও দুজনেই বুঝেছিলেন, সেই মুহূর্তটা ছিল বিশেষ কিছু। এরপর নানা উপলক্ষে দেখা-সাক্ষাৎ
শুরু হয়, যদিও প্রেমের বিষয়টি শুরুতে গোপনই রেখেছিলেন তাঁরা। রোনালদো ও জর্জিনাকে প্রথমবার
প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জানুয়ারিতে, ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে। তখন থেকেই তাঁদের সম্পর্ক আনুষ্ঠানিকতা পায়।
২০১৭ সালের নভেম্বরে
জন্ম নেয় তাঁদের প্রথম কন্যাসন্তান, আলানা মার্তিনা। এরপর রোনালদোর অন্য সন্তানদেরও
মাতৃস্নেহে আগলে রাখেন জর্জিনা। ২০২২ সালে জন্ম নেয় তাঁদের আরেক কন্যাসন্তান, বেলা
এস্মেরলাদা। সন্তানদের লালন-পালনের পাশাপাশি জর্জিনা হয়ে ওঠেন রোনালদোর জীবনের অবিচ্ছেদ্য
অংশ। তাঁর যেকোনো সুখ-দুঃখের মুহূর্তে পাশে দেখা গেছে জর্জিনাকে। পাশাপাশি তিনি নিজেও
ফ্যাশন ও বিনোদন জগতে নিজের অবস্থান গড়ে নিয়েছেন।
তবে এতকিছুর পরও তাঁদের
প্রেম পরিণয়ের রূপ পায়নি, যা ছিল ভক্ত-অনুরাগীদের জন্য এক ধরনের অপূর্ণতা। অবশেষে সেই
অপূর্ণতা এবার ঘুচতে চলেছে। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জর্জিনা একটি ছবি
পোস্ট করে জানিয়ে দেন এই সুসংবাদ। ছবিতে দেখা যায়, তাঁর হাতে একটি হীরার আংটি, ক্যাপশনে
তিনি লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।”
ছবিতে যদিও রোনালদোকে দেখা যায়নি, তবে অন্য হাতটি যে তাঁরই—এমনটাই মনে করছেন সবাই। পোস্টটিতে অবস্থান হিসেবে ট্যাগ করা হয়েছে সৌদি আরবের রিয়াদ শহরকে, যেখানে বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন রোনালদো।