প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৫:৩০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫ ১৬:৩৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত অর্জনে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ দুর্দান্ত ইনিংস খেলে ভারতের বিরাট কোহলিকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার।
লন্ডন স্পিরিটের হয়ে
দ্য হান্ড্রেডে খেলছেন ওয়ার্নার। গতকাল ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ৫১ বলে ১২টি
চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। যদিও ম্যাচটি জিততে পারেনি
তাঁর দল; ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় তারা হেরে যায় ১০ রানে। তবে দলের হার ছাপিয়ে ব্যক্তিগত
এই ইনিংস ওয়ার্নারকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।
৭১ রানের ইনিংস শেষে
ওয়ার্নারের টি-টোয়েন্টি রান দাঁড়ায় ১৩,৫৪৫। ৪১৯টি ম্যাচ খেলে তাঁর স্ট্রাইকরেট ১৪০-এর
বেশি, রয়েছে ৮টি সেঞ্চুরি ও ১১৩টি অর্ধশতক। এদিনের ইনিংসের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন
বিরাট কোহলিকে, যার রান ১৩,৫৪৩।
টি-টোয়েন্টিতে এখনো
শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে তাঁর রান
১৪,৫৬২। দ্বিতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড (১৩,৮৫৪), তিনে
ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৩,৮১৪), চারে পাকিস্তানের শোয়েব মালিক (১৩,৫৭১)। গেইল
ছাড়া সেরা পাঁচে থাকা বাকি সবাই এখনো খেলে যাচ্ছেন, যার ফলে র্যাংকিংয়ে রদবদলের সম্ভাবনা
রয়েছে।
৩৮ বছর বয়সী ওয়ার্নার চলতি বছরই প্রথমবারের মতো দ্য হান্ড্রেডে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান গত বছর জানুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্য দিয়ে।