× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাই

৫ বল খেলেই জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২০:৫৫ পিএম

কানাডার দুই ওপেনার যুবরাজ সামরা ও ধর্ম প্যাটেল জয় নিয়ে মাঠ ছাড়েন

কানাডার দুই ওপেনার যুবরাজ সামরা ও ধর্ম প্যাটেল জয় নিয়ে মাঠ ছাড়েন

শিরোনাম পড়েই চক্ষু চড়কগাছ হওয়ার দশা। এত কম বলে খেলে জয় পাওয়া আদৌ সম্ভব! অসম্ভব বটে। অবশ্য ক্রিকেটে এই অসম্ভব কাজটি ঘটিয়ে দেখিয়েছে কানাডা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনাকে মাত্র ২৩ রানে অলআউট করেছে কানাডা। জবাবে ৫ বল খেলে জয় তুলেছে তারা। গত রবিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা। ১৯.৪ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায়। আর স্কোরকার্ডে রান জমা পড়ে ২৩। দলের কেউই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। সাতজন ব্যাটার ফিরেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে আবার ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে! কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেছেন জগমানদীপ পাল-৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে নিয়েছেন ৬ উইকেট।

তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার আর দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।

এমন ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনও যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড। এর কারণ কানাডা-আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়া!

এ জয়ে বাছাইপর্বে কানাডা অনূর্ধ্ব-১৯ এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয়। দুই ম্যাচে এক জয় তাদের। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯। এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই হারে সবার নিচে আর্জেন্টিনা।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা