আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২০:৫২ পিএম
বাংলাদেশের পাশাপাশি র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাকিস্তানেরও ছবি: আ. ই. আলীম
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে ৯ থেকে আবারও দশম স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজরা। ১০ আগস্ট পর্যন্ত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে লাল সবুজ দলের এমন অবস্থান উঠে এসেছে।
মাঝে দেড় যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে
এক অঙ্কের ঘরে ছিল বাংলাদেশের অবস্থান। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে
আবার দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর
বাংলাদেশ নয় নম্বরে উঠেছিল। সেখান থেকে এক অঙ্ক পেছনে পড়েছে তারা।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেরও
কপাল পুড়েছে। ত্রিনিদাদে গত রবিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে পাকিস্তান।
তাতে একধাপ নিচে নেমে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। পাকিস্তানের অবস্থান এখন পাঁচ
নম্বরে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটির রেটিং পয়েন্ট ১০২। পাকিস্তানকে হারিয়ে
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে এখন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের রেটিং
পয়েন্ট ৭৮। মূলত তাদের উন্নতিতে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। মিরাজদের রেটিং পয়েন্ট
৭৭।
পাকিস্তানের অবনতিতে সুখবর
পেল শ্রীলঙ্কা। ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে লঙ্কানরা।
তারা এগিয়েছে এক ধাপ। সেরা দশে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজÑ এই
চার দলেরই জায়গা অদলবদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান
ধরে রেখেছে ভারত। এ বছরের মার্চে তারা জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াÑ
দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে কিউইরা। অজিরা
অবস্থান করছে তিন নম্বরে। ৯৬, ৯১ ও ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়, সাত ও আট নম্বরে দক্ষিণ
আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন
ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ত্রিনিদাদে আজ সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচটিও
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরের
সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেটে তিন
ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এই সিরিজ শেষেই বাংলাদেশ
ব্যস্ত হয়ে পড়বে এশিয়া কাপে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ
হবে টি-টোয়েন্টি সংস্করণে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
২০২৭ সালে হতে যাওয়া পরবর্তী
ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। ১৪ দলের সেই আসরে স্বাগতিক
হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি ১২টি জায়গার আটটি পূর্ণ
হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, চারটি বাছাইয়ের মাধ্যমে। মিরাজদের সরাসরি বিশ্বকাপে জায়গা
করতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে। এ ক্ষেত্রে
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে হিসাব থেকে বাদ যাবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ৬ ও জিম্বাবুয়ে
১১ নম্বরে অবস্থান করছে।