প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ২১:০৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫ ২১:১২ পিএম
আজ রবিবার গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ১৬শ মিটার দৌড় ৫ মি. ৩১ সে. এ শেষ করেছেন নাহিদ। ছবি: আ .ই. আলীম
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে চলছে ফিটনেস ক্যাম্প। আজ রবিবার সকালে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ১৬০০ মিটারের রানিং সেশন। যেখানে সবচেয়ে ভালো করেছেন পেসার নাহিদ রানা। ফিটনেস যাচাইয়ের প্রথম দিন হাজির ছিলেন না টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও ব্যাটার তাওহীদ হৃদয়।
দুই বছর ধরে ফিটনেস পরীক্ষায় অ্যাথলেটিকস ট্র্যাক ব্যবহারের
রীতি চালু করেছে বিসিবি। ব্যস্ত আন্তর্জাতিক মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের শারীরিক
প্রস্তুতি যাচাইয়ের এটাই প্রক্রিয়া। আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে
প্রাথমিক দল ও টেস্ট পুলের ক্রিকেটারদের নিয়ে রবিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত
সময় ধরা থাকলেও বেশিরভাগ ক্রিকেটার সাড়ে ৬টার মধ্যে উপস্থিত হন গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে।
ট্রেনার নাথান কেলির নেতৃত্বে চলে ১৬০০ মিটার দৌড়সহ অন্যান্য কার্যক্রম।
জাতীয় দলের জন্য বেঞ্চমার্ক ঠিক করা আছে তিনটি। কেউ যদি
৫ মিনিট ৪০ সেকেন্ডে দৌড় শেষ করতে পারেন, তাকে ধরা হয় ‘এলিট’ হিসেবে। ৫ মিনিট ৪০ সেকেন্ড
থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড সময় লাগলে তাকে ধরা হয় ‘কম্পিটেন্ট’ বা ‘সন্তোষজনক’। এর চেয়ে
বেশি সময় লাগলে তাকে ধরা হয় ‘লিমিটেড’ হিসেবে। ওই হিসেবে এবার জাতীয় দলের ক্রিকেটারদের
মধ্যে একমাত্র ‘এলিট’ নাহিদ রানা।
তরুণ এই পেসার ৫ মিনিট ৩১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন।
আরেক পেসার তানজিম হাসান সাকিব দ্বিতীয় হয়েছে ৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে। নাহিদের
এমন পারফরম্যান্স দেখে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসতে হাসতে বলেছেন, ‘তোকে
(নাহিদ) অলিম্পিকে পাঠাব।’
গত ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস
ক্যাম্প। ১৫ আগস্ট থেকে স্কিল ট্রেনিং করবেন লিটন দাসরা। এরপর ২০ আগস্ট তারা চলে যাবেন
সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে নিবিড় অনুশীলন। ওই ভেন্যুতেই ৩০
আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ
দল।
সিরিজ শেষ করে বাংলাদেশ দল চলে যাবে আরব আমিরাতে। সেখানে
৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে
হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন লিটনরা।