প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৮:১২ পিএম
সঞ্জু স্যামসন ছবি: সংগৃহীত
জুনেই শেষ হয়েছে আইপিএলের ২০২৫ আসর। তবে তার পরপরই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটারদের দলে ভেড়াতে নিলামের বাইরেও সুযোগ রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সবচেয়ে আলোচনায় উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।
সাম্প্রতিক গুঞ্জন সত্যি প্রমাণ করে এবার নিজেই জানিয়ে দিয়েছেন, রাজস্থান ছাড়তে চান তিনি। তার এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দলের ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনার অভাব। যদিও রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, সঞ্জুকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই তাদের। তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য ও অধিনায়ক হিসেবেই দেখা হয়।
সঞ্জুর আইপিএল যাত্রা শুরু ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সে। তবে
সে বছর খুব বেশি খেলার সুযোগ পাননি। ২০১৩ সালে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। প্রথম
দফায় তিনটি মৌসুম রাজস্থানের হয়ে খেলার পর ২০১৬ ও ২০১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে
মাঠে নামেন তিনি। এরপর ২০১৮ সালে আবারও রাজস্থানে ফেরেন এবং দলটির নিয়মিত মুখ হয়ে ওঠেন।
২০২১ সালে তাকে রাজস্থানের অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে ২০২২ সালে ফাইনালে ওঠে দলটি,
আর ২০২৪ সালে জায়গা করে নেয় প্লে-অফে।
তবে গত মৌসুম থেকেই শুরু হয় ভেতরের টানাপড়েন। সাধারণত ইনিংসের শুরুতেই
ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সঞ্জু। কিন্তু যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর সফল
ওপেনিং জুটির কারণে সঞ্জুকে ব্যাটিং অর্ডার নিচে নামতে হয়। এমনকি টুর্নামেন্ট চলাকালীন
দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তার মতানৈক্যের খবর প্রকাশ্যে আসে।
এই অবস্থায় রাজস্থানের এক শীর্ষ কর্মকর্তা বলেছিলেন, ‘সঞ্জুসহ কোনো ক্রিকেটারকেই এখনই ছাড়ার পরিকল্পনা নেই। সঞ্জু দলের অংশ এবং ক্যাপ্টেন।’ কিন্তু এই বক্তব্যের পরদিনই সংবাদ ছড়ায়, সঞ্জু অফিসিয়ালি রাজস্থান ছাড়ার আবেদন জমা দিয়েছেন। নিলাম হোক বা ট্রেডিং যেকোনো প্রক্রিয়ায় তিনি দলে পরিবর্তন চান।
তার ঘনিষ্ঠমহলের মতে, রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে যেভাবে সঞ্জুর
সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, তাতে তিনি আর দলের সঙ্গে থাকতে চান না। দুপক্ষের এই দড়ি
টানাটানি শেষ পর্যন্ত কতদূর যায়, নজর ক্রিকেটমহলের।