প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১১:১৮ এএম
মেসির অভাব বুঝতে দেননি ডি পল। মিয়ামির জার্সিতে প্রথম গোল করেছেন, দলকে তুলেছেন শেষ চারে। ছবি: সংগৃহীত
লিগস কাপের নেকাক্সার বিপক্ষে অষ্টম মিনিটে ট্যাকেলে পড়ে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। পরে জানা যায় ইনজুরির কারণে মেসিকে দলে পাচ্ছে না মিয়ামি। গতকাল মেসিবিহীন মিয়ামিকে জয় উপহার দেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা। যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে মেক্সিকান জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। মিয়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।
ম্যাচের শুরু থেকে দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। শেষ পর্যন্ত ৩৪তম মিনিটে জর্জ রুভালকাবা কাউন্টার অ্যাটাকে প্রথম গোল পায় পুমাসকে। চোখ ধাঁধানো এক কাউন্টার অ্যাটাকে ডানদিক থেকে আসা পাসে গোলটি করেন তিনি। ১-০ গোলে এগিয়ে থাকে মেক্সিকান ক্লাবটি। লিড বেশিক্ষণ থাকেনি। বিরতির শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বিপক্ষ দলের খেলোয়াড়দের মাথার ওপর দিয়ে ডি পলের কাছে বল দেন সুয়ারেজ। ডি পল সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান। অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এমএলএসে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে মিয়ামি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৯ মিনিটে পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি দেন। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৭০তম মিনিটে সুয়ারেজের নিখুঁত সহযোগিতায় তাদেও আলেন্দে দলের তৃতীয় গোলটি করেন। ৩-১ গোলে এগিয়ে ইন্টার মিয়ামি। শেষদিকে বেশ কিছু সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। তিন গোলের জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি লিগস কাপের শেষ আটে জায়গা করে নেয়।