প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ২০:০৫ পিএম
ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল ওবেইদ ছবি: সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল ওবেইদ। গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য পেতে অপেক্ষামাণ ছিল ফিলিস্তিনি জনতা। তাদের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এ হামলায় ৪১ বছর বয়সি এই ফুটবলারও প্রাণ হারান। যাকে অনেকেই পেলে হিসেবে ডাকতেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএএফ) নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পিএএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক
সাহায্যের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড়
ও বিচ সার্ভিসেস দলের তারকা সুলেইমান আল ওবেইদ শহীদ হয়েছেন। ফিলিস্তিন ফুটবলে সুলেইমান
‘দ্য ব্লাক পার্ল (কালো মুক্তা)’, ‘দ্য গ্যাজেল (হরিণ)’, ‘হেনরি অব প্যালেস্টাইন’ এবং
‘পেলে অব প্যালেস্টাইন ফুটবল’ নামে পরিচিত ছিলেন। ফিলিস্তিন ফুটবলের এই পেলে পাঁচ সন্তান
রেখে মারা গেছেন।”
গাজায় জন্ম নেওয়া সুলেইমান আল ওবেইদ তার ক্যারিয়ার শুরু করেন সার্ভিসেস
বিচ ক্লাবের হয়ে। পরে পশ্চিম তীরের আল আমারি ইয়ুথ সেন্টারে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত
খেলেন এবং ২০১০-১১ মৌসুমে ফিলিস্তিনের প্রথম পেশাদার লিগ শিরোপা জেতেন। এরপর আল শাতিয়া
ও গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে গাজা স্পোর্টস ক্লাবের হয়ে
১৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হন। পরের মৌসুমেও আল খাদামা ক্লাবের হয়ে একই অর্জন
পুনরায় করেন তিনি।
২০০৭ সালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সুলেইমান ফিলিস্তিন জাতীয়
দলে ডাক পান। জাতীয় দলের হয়ে ২০১৩ সাল পর্যন্ত ২৪ ম্যাচে মাঠে নামেন এবং করেন দুটি
গোল। ২০১০ সালে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন (ডব্লিউএএফএফ) চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের
বিপক্ষে তার সিজর কিকে করা গোলটিকে ক্যারিয়ারের সেরা হিসেবে বিবেচনা করা হয়।
সুলেইমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি
এরিক ক্যান্টোনা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, “সাহায্য পাওয়ার আশায়
রাফায় অবস্থান করার সময় ফিলিস্তিন জাতীয় দলের তারকা সুলেইমান আল ওবেইদকে হত্যা করেছে
ইসরায়েল। তাকে ‘ফিলিস্তিনের পেলে’ ডাকা হতো। আমরা তাদের আর কত গণহত্যা করতে দেব? ফিলিস্তিন
মুক্ত হোক।”
সুলেইমানের মৃত্যুতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে আরও এক অপূরণীয় শূন্যতার
সৃষ্টি হলো। পিএএফ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্মূল
অভিযানে এ পর্যন্ত খেলাধুলা ও স্কাউটিং-সংশ্লিষ্ট ৬৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন,
যাদের মধ্যে ৩২১ জনই ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। এই একই সময়ে ইসরায়েলি
আগ্রাসনে গাজায় নিহত হয়েছে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছে দেড় লাখেরও বেশি
মানুষ।