প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৯:৫৮ পিএম
বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান ছবি: সংগৃহীত
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে মাঠ, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও আচরণবিধি ইস্যুতে সতর্কতার কথা জানালেন বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আগামী মাসে পর্দা উঠবে এনসিএল টি-টোয়েন্টির। ভালো উইকেটে
টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর বিসিবি। ক্রিকেট বোর্ডের নজর ভালো মানের উইকেট নিশ্চিতের
দিকে। আকরাম খান বলেন, ‘অবশ্যই আমরা ভালো উইকেটে খেলাতে চাই, টি-টোয়েন্টিতে যেমন রান
হয়। সেই জিনিসটা মাথায় আছে।’
মাঠের পাশাপাশি ক্রিকেটারদের সুযোগ-সুবিধার দিকেও বিশেষ
নজর বোর্ডের। বাড়ানো হচ্ছে, খেলোয়াড়দের ম্যাচ ফি। এনসিএলের ম্যাচ বৃদ্ধি নিয়ে আকরাম
খান জানান, সব সুযোগ-সুবিধা দিতে চাই। গতবার খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ২৫ হাজার, সেটা
৪০ হাজার করেছি। অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধির চেষ্টা করেছি।
সুযোগ-সুবিধার পাশাপাশি শৃঙ্খলার দিকেও বিশেষ নজর বিসিবির।
আকরাম খান বলেন, ‘হেলমেট নিয়ে একটা অভিযোগ আছে। ভিন্ন দলের হেলমেট পড়ে খেলতে দেখা গেছে
অনেককে। এবার প্রত্যেক দলকেই হেলমেট দিচ্ছি। ক্রিকেটটা এগিয়ে নিতে সবাার সাপোর্ট প্রয়োজন।
সেটা নিয়ে আলোচনা হয়েছে।’
পোশাক-ক্রীড়া সামগ্রীর শৃঙ্খলার পাশাপাশি মিডিয়ার সামনে
খেলোয়াড়রা যাতে আরও সংযত হতে পারে এ নিয়েও সতর্ক বিসিবি। বোর্ড পরিচালক বলেন, ‘স্পন্সরদেরও
দায়িত্ব আছে, ওদের কী করা উচিত খেলোয়াড়দের জন্য সেটা আলোচনা হয়েছে। খেলোয়াড়দের গণমাধ্যমে
কথা বলার শৃঙ্খলার ব্যাপারে আলোচনা হয়েছে। সবকিছু যেন সঠিকভাবে চলে, যেটা আন্তর্জাতিক
মান বজায় রাখে সেটা করার চেষ্টা করছি। হয়তো এই বছরেই পারব না, তবে আস্তে আস্তে চেষ্টা
করছি।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যুর মুখ
থেকে ফিরেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয়
তার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক।
তবে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। তবে এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)
টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তাকে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম এমনটা
জানালেন। তিনি বলেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে।’
তামিমের পাশাপাশি এবার জাতীয় লিগে খেলতে দেখা যাবে মুশফিকুর
রহিম ও মাহমুদউল্লাহকেও। মুশফিক ইতোমধ্যেই খেলার জন্য সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ
করেছেন। মাহমুদউল্লাহ ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু
জানাননি। যেহেতু গত কয়েক সপ্তাহ ধরেই ঘাম ঝরাচ্ছেন, তাতে করে ধরে নেওয়া হচ্ছে তিনিও
খেলবেন।
আকরাম বলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য
অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এই সম্পর্কে আমাকে কিছু
বলেনি, মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’