× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১০:৫০ এএম

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন সোহানরা। বুধবার মিরপুর শেরে-ই-বাংলায়। ছবি: আ. ই. আলীম

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন সোহানরা। বুধবার মিরপুর শেরে-ই-বাংলায়। ছবি: আ. ই. আলীম

৭ দলের টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে আজ ও আগামীকাল দুই ধাপে অস্ট্রেলিয়া পাড়ি দিবে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। গত বছর রানার্সআপ হওয়া দলটির নেতৃত্বে নুরুল হাসান সোহান। দেশ ছাড়ার আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল- যেহেতু অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ মেলে না, এটা নিশ্চয়ই শেখার একটা বড় মঞ্চ?

সোহান সোজাসাপটা জানিয়ে দিলেন, ‘শেখার প্রক্রিয়ায় খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব- এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট- সবার লক্ষ্যই ট্রফি জেতা।’ অর্থাৎ ‘শেখা শেখা’ খেলায় না গিয়ে সোহান মনোযোগ দিচ্ছেন জেতার খেলায়।

এ সফরে শুধু টি-টোয়েন্টি নয়, আছে একটি ৪ দিনের ম্যাচও। কারণ, আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ২৮ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ৪ দিনের ম্যাচটি। তাই স্কোয়াডে রাখা হয়েছে টেস্ট দলের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের। তাদের জন্য এটা হতে পারে ভালো প্রস্তুতির মঞ্চ। তবে সোহান আপাতত ভাবছেন টি-টোয়েন্টি নিয়েই, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি-টোয়েন্টিটাই ঘুরছে। ৪ দিনের দল তো এখনও যায়নি। (টেস্ট দলের) যারাই খেলবেন, এটা তাদের জন্য বড় সুযোগ।’

দেশের ঘরোয়া ক্রিকেটে ফর্মে সোহান। তবে জাতীয় দলে এখনও সুযোগ মেলেনি। মাসখানেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ডাক পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও সেটি আর হয়নি। সে সেময় জাতীয় দলের সিরিজ চলাকালে সোহান গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন। গুঞ্জন ছিল জাতীয় দলকে উপেক্ষা করেছেন তিনি। তবে এদিন মিরপুরে সংবাদ সম্মেলনে সে বিষয়ে নিজেই পরিষ্কার করেছেন সোহান, ‘পরিষ্কার করে বলতে চাই, আমার প্রথম অগ্রাধিকার গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দলে ছিলাম না, এমন কিছুও না। চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়লাম তখন বাসাতেই ছিলাম।’

তিনি যোগ করেন, ‘বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো- সেজন্যই এটা নিয়ে চিন্তা করেছি। এরকম কোনো কথা নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা রংপুর রাইডার্সের সঙ্গে হয়নি যে গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দলে খেলবে না। দুটা আলাদা। জাতীয় দলে খেলা অবশ্যই অগ্রাধিকার। প্রত্যেকটা খেলোয়াড়েরই অগ্রাধিকার জাতীয় দল।’

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে সোহান বলেছেন, ‘গত বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়েছিল, অনেক ভালো টুর্নামেন্ট ছিল। আগে আমাদের বিপিএল ছাড়া আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না। এখন অনেক বেশি টি-টোয়েন্টি খেলা হচ্ছে। ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেট ধরলে বাইরেও খেলার অপশন আসছে এখন। সেদিক থেকে অভিজ্ঞতা ও একটা লার্নিং প্রসেসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা