প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৯:২৭ পিএম
প্রায় তিন বছর পর জোড়া গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র
গুনে গুনে ৩৬ মাস। হ্যাঁ, দীর্ঘ এই সময়ে জোড়া গোলের দেখা পাননি ব্রাজিল ফরোয়ার্ড নেইমার জুনিয়র। একটা সময় গোলের বন্যা বইয়ে দেওয়া তারকা এই ফুটবলার ভুলতে বসেছিলেন কীভাবে গোল দিতে হয়। তবে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই প্রত্যাবর্তন ঘটালেন ভালোভাবে।
বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার
সকালে ব্রাজিলিয়ান সেরি আতে জুভেন্টুডের বিপক্ষে জোড়া গোল করেন নেইমার। পয়েন্ট তালিকার
তলানির দিকের দলটিকে সান্তোস হারায় ৩-১ গোলে। এদিন নিজেদের মাঠে ৩৭তম মিনিটে স্বাগতিকদের
এগিয়ে দেন নেইমার। বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন উইঙ্গার আলভারো বাররেয়ালের শট ফিরিয়ে
দেন গোলকিপার। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে বল জালে জড়ান নেইমার।
মিনিট দুয়েক পর একইভাবে গোল
করেন বাররেয়াল। আর্জেন্টাইন উইঙ্গার বেনইয়ামিন রলহেইসারের শট প্রতিপক্ষের একজনের পায়ে
লেগে চলে যায় ফাঁকায় থাকা বাররেয়ালের কাছে। তিনি ঠান্ডা মাথায় বল পাঠান জালে।
প্রথমার্ধের যোগ করা সময়ে
একটি গোল শোধ করে জুভেন্টুড। দ্বিতীয়ার্ধে সান্তোসের বেশকিছু আক্রমণ ব্যর্থ হয়। অবশেষে
৮০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। গোলকিপারকে বিভ্রান্ত করে মাঝ বরাবর আলতো
গড়ানো শটে বল জালে পাঠান ৩৩ বছর বয়সি তারকা। লিগের ৯ ম্যাচে তার গোল হলো এখন ৩টি।
সান্তোসের হয়ে পুরো পাঁচ ম্যাচ
টানা খেলার পর এখন জাতীয় দলে ফেরার অপেক্ষায় নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের
বিপক্ষে ভয়ানক চোটে কান্নাভেজা চোখে মাঠ ছাড়ার পর ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি
দেশের ইতিহাসের সফলতম স্কোরারকে। গত মার্চে তাকে স্কোয়াডে রাখা হলেও পরে চোটের কারণ
ছিটকে পড়েছিলেন।