প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২০:২১ পিএম
মেসির চোট গুরুতর না হলেও, তাকে বেশ কিছুদিন মাঠের বাইরের থাকতে হবে
লিগস কাপের ম্যাচে শনিবার রাতে মাঠে নামে ইন্টার মিয়ামি। নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে মিয়ামির জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ওঠে আসেন এই মহাতারকা। ইনজুরি কতটা গুরুতর সেটা নিয়েই ছিল শঙ্কা। শঙ্কাময় অপেক্ষার পর আর্জেন্টাইন তারকাকে নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইন্টার মিয়ামি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক উন্নতির ওপর।
আর্জেন্টাইন তারকার পেশির
চোট খুব গুরুতর নয়। তবে কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে নিশ্চিতভাবেই। অধিনায়কের
ফেরার সম্ভাব্য সময় নিয়ে এখনও নিশ্চিত নয় মিয়ামি। গত মৌসুমে নানা চোট মিলিয়ে ক্লাব
ও দেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মেসি। এই ৩৮ বছর বয়সে শরীর বিদ্রোহ করে আগের
চেয়ে বেশি। ধকল সামলানোও এখন বেশি কঠিন। এবারের চোটের পরও তাই বড় শঙ্কার জায়গা ছিল।
তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি বলেই রবিবার বিবৃতিতে জানায় মিয়ামি, ‘পরীক্ষার
ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের পেশিতে ‘মাইনর’ চোট আছে। তার চিকিৎসা কোন
পথে এগোয় এবং শরীর কীভাবে সাড়া দেয়, সেটির ওপর নির্ভর করবে মেডিকেল ছাড়পত্র পাওয়া।’
লিগস কাপে অবশ্য তিনি আর খেলতে
পারবেন না বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৩৬ ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্টে
দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিনে আছে মিয়ামি। প্রথম ম্যাচে ২-১ গোলের জয়ে তিন
পয়েন্ট পেয়েছে তারা, নেকাক্সার বিপক্ষে টাইব্রেকারে জিতে পেয়েছে দুই পয়েন্ট। তাদের
পরের ম্যাচ বুধবার। মেজর লিগ সকারে তাদের নিয়মিত মৌসুমের খেলা শুরু আবার রবিবার থেকে।
চোটে পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত
ফর্মে ছিলেন মেসি। মেজর লিগ সকারে ১৮ গোল করে তিনি যৌথভাবে আছেন শীর্ষে। লিগস কাপের
প্রথম ম্যাচে দলের দুটি গোলই আসে তার পাস থেকে।
মেসির ইনজুরি বড় নয় শুনে স্বস্তি
মিললেও, এই বয়সে তার প্রতিটি মিনিটের খেলার পেছনে থাকে পরিকল্পনা ও সতর্কতা। ভক্তরা
এখন অপেক্ষায়Ñ মহাতারকা আবার কবে গোল করে হাসবেন, আর পুরো স্টেডিয়াম ফের উঠবে ‘মেসি!
মেসি!’ ধ্বনিতে।