প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১২:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় সোমবার (৪ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে তারা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সালমান আলি আগার দল।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ বলে রোমাঞ্চকর জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে সিরিজে সমতায় ফেরে ক্যারিবিয়ানরা। তবে সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে শুরু থেকেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে তোলে ১৮৯ রান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ফারহান ৭৪ এবং সাইম ৬৬ রান করেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, শামার জোসেফ ও রস্টন চেজ।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও চাপ কাটাতে পারেনি স্বাগতিকরা। ওপেনার অ্যান্ড্রু জুয়েলের ২৪, আলিক আথানাজের ৬০ ও শেরফান রাদারফোর্ডের ৫১ রানে ভর করেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। পাকিস্তানের হয়ে হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও সুফিয়ান মুক্বিম একটি করে উইকেট নেন।
টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামবে দুই দল। আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।