প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২২:২৩ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ। অভিযোগে বলা হয়েছে, গতকাল রবিবার রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাসকিনের বাল্যবন্ধু একটি অভিযোগ করেছেন। তারা একে অপরের পরিচিত। স্পষ্টভাবে মারধরের কথা না থাকলেও কিল-ঘুষির অভিযোগ রয়েছে। বিষয়টি জিডি হিসেবে নয়, অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। আমরা তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করছি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় বিসিবিও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সকালে অভিযোগটি দেখেছি। বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশনস প্রধান ফাহিম সাহেবও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো ঠিক নয়। পুরো বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে মন্তব্য করতে চাই না।’
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার। তাসকিন জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কাউকে মারিনি। বরং তারা আমার এক বন্ধু রসিকে মারধর করেছে। আমি শুধু মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম, যাতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। পরে তারা উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’
ঘটনার প্রেক্ষাপট নিয়ে তাসকিন আরও বলেন, ‘ওর (সৌরভ) খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। কিছু কথা ওরা রেকর্ড করেছে। আমার বাবা আবার ওই ঘটনার কিছুই জানত না। উনি পরে শুনে কিছু কথা বলেছেন। সঙ্গে এটাও বলেছেন, ওরা ছোটবেলার বন্ধু, একসঙ্গে মিলেমিশে থাকবে।’ আসলে গত কয় মাস ধরে ওদের সঙ্গে এখন মিশি না, তাই এখন ওর মাথা খারাপ হয়ে গেছে।’
সংবাদমাধ্যমকে ঘটনা বর্ণনার পরও যখন বিষয়টি আয়ত্তের বাইরে যাচ্ছিল তখন তাসকিন আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টিকে পরিষ্কার করে বলেন, সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না : আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয়Ñ এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন।(মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত) আশা করি, সত্যের সঙ্গেই থাকবেন সত্য কখনও মিথ্যা হয় না।