প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১৭:৩৩ পিএম
প্রবা ফটো
এমন সুযোগ কদাচ পায় বাংলাদেশ। চলতি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এখন প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি লিটন দাস ও তার সহযোদ্ধাদের। এমনি অবস্থায় আজ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এই সিরিজে বাংলাদেশ কেমন খেলছে সেটা সাবেক পাকিস্তান অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার কথা থেকেই সুস্পস্ট। রমিজ রাজা বলেন, ‘বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল যে কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।’
সিরিজে হারলেও তারা যে রোমাঞ্চকর ক্রিকেট খেলছে সেটাকেই বড় করে দেখছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। বলেন, ১৫ রানে ৫ উইকেট পতনের পর খেলাটিকে গভীরে নিয়ে যাওয়ার জন্য ফাহিম আশরাফকে ধন্যবাদ। সে যেভাবে ব্যাটিং করেছে তা এক কথায় অসাধারণ। দর্শকদের জন্য খেলাটি রোমাঞ্চকর ছিল। দল হিসেবে আমরা এমন রোমাঞ্চকর খেলা উপহার দিতে চাই। আমরা ম্যাচে হারলেও হাল ছেড়ে দেইনি।’
প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে দুই বিভাগেই পাকিস্তানের ওপর ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। দুটো ম্যাচেই অলআউট হয়েছে সফরকারীরা। প্রথম ম্যাচে ১১০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ১২৫ রানে। বোলারদের পাশাপাশি, ব্যাটিংয়েও আলো ছড়াচ্ছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, মেহেদি হাসানরা। সব থেকে বড় কথা একটা মোমেন্টাম পেয়ে গেছে টিম টাইগার্স। স্বাগতিক শ্রীলঙ্কাকে সিরিজে হারানোর সাফল্য বাংলাদেশেও টেনে এনেছে লিটন দাস ব্রিগেড।
এমনিতে টেস্ট ক্রিকেটের প্রতিষ্ঠিত দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের সুখস্মৃতি তেমন নাই বাংলাদেশের। তবে গত ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। আজ সেই স্মৃতি ফিরিয়ে আনার সুযোগ লিটনদের।