× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে একাই ঘাম ঝরালেন নাঈম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২১:৫৪ পিএম

মিরপুরে একাই ঘাম ঝরালেন নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। গেল বুধবার কলম্বোর প্রেমাদাসায় ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা; যা লঙ্কানদের বিপক্ষে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি।

ওয়ানডে এবং টেস্টে হারের পর টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় নিয়ে পরদিন সকালে দেশে ফেরেন লিটন দাসরা। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। কারণ ২০ জুলাই থেকে শুরু পাকিস্তান সিরিজ। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে লাল সবুজ দল। 

পাকিস্তান সিরিজ সামনে রেখে গতকাল শুক্রবার থেকে দেশের ক্রিকেটারদের অনুশীলন শুরু হওয়ার কথা। তবে লিটনদের টাইট শিডিউলের কথা বিবেচনায় অনুশীলন বাতিল করে বিসিবি। বাংলাদেশে পৌঁছানোর পর প্রথমবারের মতো গতকাল মিরপুরে অনুশীলন করেন পাকিস্তানের ক্রিকেটাররা। আর স্বাগতিকদের মধ্যে একাই অনুশীলন করেন নাঈম শেখ।

কয়েকজন থ্রোয়ার নিয়ে মিরপুরে ব্যাটিং করতে দেখা গেছে নাঈমকে। এ সময় তাকে বেশ কিছু বড় শট খেলতে দেখা গেছে। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম। সেখানে নিজের ব্যাটিং পজিশনে নয় ৪ নম্বরে খেলেছেন তিনি। ২৯ বলে করেন ৩২ রান। পরের দুই ম্যাচে অবশ্য একাদশে দেখা যায়নি তাকে। 

আসন্ন পাকিস্তানের বিপক্ষেও দলে রয়েছেন নাঈম। নিজের অবস্থান পোক্ত করতে কিংবা একাদশে সুযোগ পেলে শতভাগ বিলিয়ে দিতে প্রস্তুত হচ্ছেন টাইগার ওপেনার। গতকাল মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানালেন সেটিই। শ্রীলঙ্কার বিপক্ষে চারে ব্যাট করলেও একজন ওপেনার হিসেবেই এই প্রস্তুতি বলে মন্তব্য তার, ‘এখন পর্যন্ত যত দিন খেলেছি, ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। তো ওই মানসিকতা নিয়েই (অনুশীলন) করলাম। কিন্তু মাথায় এটাও থাকে যে... এমন না যে, সেট হওয়ার পর মাঝের ওভারে খেলিনি।’

জাকের আলীর চোটের কারণে শ্রীলঙ্কায় চারে খেলার অভিজ্ঞতা জানিয়ে নাঈম বলেন, ‘হুট করে চার নম্বরে নামলে কীভাবে খেলতে হয় বা মিডল অর্ডাররা কোন চ্যালেঞ্জ বেশি মোকাবিলা করে, ওই জিনিসটা সাধারণত আমার জানা থাকে না। বাইরে থেকে অনেক সময় সহজ মনে হয়। এখন খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো। পুরোপুরি ভিন্ন একটা জায়গা। সবকিছু মিলিয়ে সব জায়গার ট্রেনিংই করি। তবে এখন যেটা ছিল, পুরোপুরি নিজের প্রস্তুতির জন্যই ছিল।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা