× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ

শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ২১:২৫ পিএম

ছবি: আ. ই. আলীম

ছবি: আ. ই. আলীম

ইতিহাসের বিরল এক ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। বৃষ্টিভেজা ও কর্দমাক্ত মাঠে খেলতে নামে বাংলাদেশ-ভুটান। ম্যাচের প্রথমার্ধ অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। ঘণ্টাদেড়েক বিরতির পর দ্বিতীয়ার্ধ কিংস অ্যারিনার অনুশীলন মাঠে। আজ মঙ্গলবারের ঘটনাবহুল এই ম্যাচে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিকের দেখা পান শান্তি মার্ডি। এই জয়ে তিন ম্যাচ খেলা লাল-সবুজ দলের পয়েন্ট হলো ৯। ১৭ জুলাই নিজেদের চতুর্থ ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে স্বাগতিকরা।

কোচ পিটার বাটলার এদিন বেঞ্চের ফুটবলারদের পরখ করেন বেশ ভালোভাবে। নেপালের বিপক্ষে ম্যাচের ফুটবলারদের মধ্যে একাদশে ছিলেন মাত্র দুজন- বন্যা খাতুন ও শান্তি। গোলকিপার পজিশনে স্বর্ণা রানী মণ্ডলের পরিবর্তে দেখা মেলে মিলি আক্তারের। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে সুরমা জান্নাতের হাতে দেখা যায় আর্মব্যান্ড। লাল কার্ডের কারণে দলে ছিলেন না মোসাম্মৎ সাগরিকা।

ম্যাচঘড়ির ২ মিনিটে তৃষ্ণা রানীর শট আটকে যায় কাদায়। এরপর ৭ মিনিটে শান্তি মার্ডি তিনবারের চেষ্টায় গোল দেন। ভেজা মাঠে বল আটকে যাচ্ছিল বক্সের মধ্যে। প্রথমবার ভুটানের গোলকিপার পেমা ইয়াংজম শান্তির শট আটকে দেন। পরের দুবারের চেষ্টা করে অবশেষে গোল পান বাংলাদেশের ফরোয়ার্ড।

ম্যাচের বাকি সময়ে এলে কাদাময় মাঠে দুই দলের ফুটবলাররা শুধু বলের পেছনে দৌড়েছেন। স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারেননি তারা। যদিও এ সময়ে বাংলাদেশ বেশকিছু আক্রমণ শানায়। বিরতির খানিক আগে বাঁ প্রান্ত দিয়ে শান্তি কয়েকবার আক্রমণ করেন। বলগুলো ঠিকমতো সংযোগ করতে পারেননি বন্যা আক্তার ও রূপা আক্তার।

দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলা শুরু হওয়ায় দুই দলের খেলাতেই ভিন্নতা দেখা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫৩ মিনিটে) গোল শোধ করে সমতায় ফেরে ভুটান। সাংগাই ওয়াংমোর গোলে স্বপ্ন দেখতে শুরু করে তারা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধে দল এগিয়ে দেওয়া এই ফুটবলার দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আরও একবার অতিথিদের জালে বল জড়ান। ৭৬ মিনিটে বদলি হয়ে নামা মুনকি আক্তার একক কৃতিত্বের গোলে স্কোরলাইন ৩-১ করেন। আর ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি। চলমান সাফে যেটা তার চতুর্থ গোল।

বড় জয়েই এবারের টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় ৯-১ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

পাঁচটি দেশ এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সেজন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান— এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এ আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা