× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বিশ্বকাপ

দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াই আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১৬:৫৫ পিএম

দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াই আজ

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে হোঁচট খেলেও পরবর্তী তিন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মতো প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লুইস এনরিকের দল। শেষ মুহূর্তে দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও গোলপোস্ট অক্ষত রেখে জয় তুলে নেয় তারা। এটি ছিল টানা তৃতীয় জয়। যেখানে প্রতিবারই ক্লিন শিট রেখেছে ফরাসি জায়ান্টরা।

এবারের প্রতিযোগিতায় পিএসজির যাত্রা শুরু হয়েছিল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের একতরফা জয়ে। সেই আত্মবিশ্বাস থেকেই তারা এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনও তরতাজা। মৌসুমজুড়ে এখন পর্যন্ত ১৬৪ গোল করা পিএসজি বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে।

পিএসজি কোচ এনরিক ২০১৫ সালে বার্সেলোনার হয়ে এই শিরোপা জিতেছিলেন। এক দশক পর নতুন দল নিয়ে আবার সেই স্বপ্ন ছুঁতে চান তিনি। তবে সামনে যে প্রতিপক্ষ, তাদের ইতিহাস পিএসজির জন্য বেশ বেদনার। ২০২২ সালে ঠিক এমন এক বড় ম্যাচেই রিয়াল ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে ম্যাচ জিতে পিএসজিকে বিদায় করে দিয়েছিল। এবার অবশ্য রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন কোচ জাবি আলোনসো। সদ্য দায়িত্ব পাওয়া এই স্প্যানিশ এখনও পর্যন্ত দারুণ ছন্দে রেখেছেন দলকে।

উভয় দলই সেমিফাইনালে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাবে। বায়ার্নের বিপক্ষে লাল কার্ডের কারণে পিএসজির দুই ডিফেন্ডার উইলিয়ান প্যাচো ও লুকাস হার্নান্দেজ নিষিদ্ধ। ফলে রক্ষণ সামলাতে দেখা যাবে তরুণ লুকাস বেরালদোকে। ওসমান ডেম্বেলে এখনও পুরোপুরি ফিট না হলেও ম্যাচের শেষভাগে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নজর থাকবে আচরাফ হাকিমির দিকে, যিনি টানা তিন ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন।

রিয়াল মাদ্রিদও ডিফেন্সে ভুগবে, কারণ হুইজেন সেমিতে খেলতে পারবেন না। তার জায়গায় নামতে পারেন রাউল আসেনসিও, যদিও চোট কাটিয়ে ফিরেছেন এদের মিলিতাও। আক্রমণভাগে ভরসা থাকবে গনজালো গার্সিয়ার ওপর, যিনি এই প্রতিযোগিতায় ইতোমধ্যে ৪ গোল করে আলো ছড়িয়েছেন।

সম্ভাব্য একাদশ

পিএসজি : দোনারুম্মা, হাকিমি, মারকুইনহোস, বেরালদো, নুনো মেন্ডেস; ভিতিনিয়া, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ; বারকোলা, দোয়, কভারাত্সখেলিয়া।

রিয়াল মাদ্রিদ : কুর্তোয়া; আলেক্সান্ডার-আর্নল্ড, রুডিগার, আসেনসিও, ফ্রাঙ্ক গার্সিয়া; চুয়ামেনি, বেলিংহ্যাম, ভালভার্দে, গুলার, গনজালো গার্সিয়া, ভিনিসিউস জুনিয়র।

২০১৮ থেকে এখন পর্যন্ত পিএসজি-রিয়াল মুখোমুখি হয়েছে পাঁচবার। এর মধ্যে দুই জয়, দুই পরাজয় ও এক ড্র নিয়ে সমীকরণ সমানে সমানে। এবারের ক্লাব বিশ্বকাপে এখনও অপরাজিত রিয়াল। গ্রুপ পর্বে আল হিলালের সঙ্গে ড্র করলেও টানা চার জয়ে সেমিতে রিয়াল। অন্যদিকে চার জয়ে ও এক হারে সেমিতে পৌঁছেছে বর্তমান ইউরোপ সেরা পিএসজি। ফাইনালে যেতে ইউরোপিয়ান লড়াই। সেমিফাইনালের এই ম্যাচটি হতে যাচ্ছে একটি ফুটবল উৎসব। দুই দলের আক্রমণভাগের পারফরম্যান্স ভরপুর নাটকীয়তা এনে দিতে পারে ম্যাচে। পিএসজি এখন দল হিসেবে অনেক বেশি গোছানো এবং আত্মবিশ্বাসে টইটম্বুর। অন্যদিকে রিয়াল এখনও গড়ে উঠছে নতুন কোচের ছোঁয়ায়। তবে রিয়ালের ইতিহাস বলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা