× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে নারী ফুটবলারদের সংবর্ধনায় বাফুফে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১০:৩৯ এএম

গভীর রাতে নারী ফুটবলারদের সংবর্ধনায় বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে দেশে ফেরার দিনই রবিবার (৬ জুলাই) গভীর রাতে নারী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে। 

রাত আড়াইটায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছিল সোয়া ৩টার দিকে। থাইল্যান্ড হয়ে ঋতুপর্ণাদের দেশে ফিরতে ফ্লাইট মিনিট বিশেক বিলম্ব হয়েছিল। ফলে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাতিরঝিলে পৌঁছাতেই বেজে যায় রাত ৩টা। 

রাত ৩টা হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সন্মাননা জানাতে ছুটে এসেছিলেন অনেক দর্শক ও সমর্থক। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও ছিলেন। রাত ৩টায় হাতিরঝিলে শুনশান নিরবতার মধ্যে আলো ঝলমলে পরিবেশে বেশ ভিন্ন রকম আবহ ছিল। 

ফুটবলারদের একে একে মঞ্চে ডাকা হয়েছিল। কোয়ালিফাইড লেখা বোর্ডের পেছনে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন। ফুটবলারদের মধ্যে থেকে অধিনায়ক আফিদা ও তারকা ফুটবলার ঋতুপর্ণা বক্তব্য রাখেন। পরবর্তীতে কোচ পিটার বাটলার ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সবার সামনে কথা বলেন। 

অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘খুবই ভালো লাগছে। এই মুহূর্ত কখনো ভোলার মতো নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু দক্ষিণ এশিয়া, এশিয়া নয়, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারি।’

ঋতুপর্ণা চাকমা মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। তার জোড়া গোলই মূলত বাংলাদেশ এশিয়ান কাপের মঞ্চে। তিনি বলেন, ‘ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাশ করব না। শুধু এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই আমরা।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের বক্তব্যের সময় সবার বাড়তি আকর্ষণ ছিল। নারী ফুটবলারদের বিশেষ কোনো ঘোষণা দেবেন হয়তো। বাফুফে সভাপতির বক্তব্যে মূল সারাংশ, ‘আমরা নারী দলের পেছনে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পেছনে আমরা আছি।’

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে গত বছর ৯ নভেম্বর দেড় কোটি টাকা ঘোষণা করেছিল। সেই অর্থ এখনো দিতে পারেনি। নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণারা কয়েকজন মাত্র মাসে ৫৫ হাজার সম্মানি টাকা পান। দেশে নেই ঘরোয়া লিগ। ফলে নারী ফুটবলারদের আর্থিক দুর্দশা প্রকট। এশিয়ান কাপ নিশ্চিতের পরও বাফুফে সভাপতির কাছ থেকে আর্থিক কোনো ঘোষণা না পাওয়ায় পুরো অনুষ্ঠানের আলো খানিকটা ম্লানই হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা