× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের স্বাক্ষরিত বল চুরি, একজনকে ১৭ বছরের কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১০:১৫ এএম

নেইমারের স্বাক্ষরিত বল চুরি, একজনকে ১৭ বছরের কারাদণ্ড

নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ব্রাজিলিয়ান এক ফুটবলভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম ফেডারেল কোর্ট। তার অপরাধ ২০২৩ সালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময় নেইমার জুনিয়র স্বাক্ষরিত একটি বল চুরি। যা দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি ২০ দিন বেহাত ছিল। পরে সোরোকাবা এলাকায় (ব্রাজিলিয়া থেকে হাজার কিলোমিটার দূরে) বলসোনারো সমর্থকের কাছ থেকে সেটি পাওয়া যায়। এরপরই অভিযুক্ত নেলসনকে শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও জিজ্ঞাসাবাদ ও লিখিত বিবরণ লিখে নিয়ে ওই সময় ছেড়ে দেওয়া হয় তাকে। নেলসনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ (রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সম্পদের ক্ষতিসাধন, চুরি, সশস্ত্র অপরাধ ও ঐতিহ্য বিনাশ) সংঘটনের অভিযোগ রয়েছে।

২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো বারবারই সেই ফলাফল মেনে নিতে অস্বীকার করে আসছিলেন। এরপর ক্ষমতার লড়াই ঘিরে পরের বছরের ৮ জানুয়ারি বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয় ব্রাজিল। আর এতেই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা হামলা চালায় দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে। ধ্বংসযজ্ঞ চালানো সেই হামলার ঘটনায় নেলসনও জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সবমিলিয়ে ওই ঘটনায় ৫০০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়।

নেলসনকে ১৫ বছর ৬ মাস জেল এবং আরও দেড়বছর ডিটেনশনে থাকতে হবে। একইসঙ্গে তাকে ১৩০ দিনের জরিমানা করেছেন আদালত। যেখানে প্রতিদিন ব্যক্তিগত মজুরির এক-তৃতীয়াংশ দিতে হবে জরিমানা হিসেবে, সবমিলিয়ে ওই অর্থ দাঁড়ায় ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়ালে। এদিকে, জাতীয় সম্পদের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞের দায়ে অভিযুক্তদের কাছ থেকে ৩০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল আদায়ের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট ঘটনার দায়িত্বে থাকা মন্ত্রী আলেক্সান্দ্রে ডি মোরায়েস।

নেলসনকে অভিযুক্ত করে শাস্তি দেওয়ার বিষয়ে সম্মতি দিলেও অবশ্য তার শাস্তির পরিমাণ নিয়ে আপত্তি জানিয়েছেন ব্রাজিলের কয়েকজন মন্ত্রী। তারা ১৫ বছরের কারাদণ্ডের প্রস্তাব দিয়েছেন। অবশ্য সম্পদ ক্ষতিসাধনের দায়ে দণ্ড প্রত্যাহারের দাবিও তুলেছেন লুইজ ফাক্স নামে আরেক মন্ত্রী। 

প্রসঙ্গত, ২০১২ সালের ১০ এপ্রিল সান্তোস ফুটবল ক্লাবের ডেপুটি ও জাতীয় সংসদের নিম্নকক্ষের সাবেক প্রেসিডেন্ট মার্কো মাইয়াকে নিজের স্বাক্ষর সম্বলিত বলটি উপহার দিয়েছিলেন নেইমার। ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় দেওয়া সেই উপহার নিম্নকক্ষে সংরক্ষিত ছিল স্মারক হিসেবে। অন্যদিকে, বল চুরির দায়ে অভিযুক্ত নেলসন একটি ট্রাভেল এজেন্সির ম্যানেজার। ব্রাজিলে ঘুরতে যাওয়া বিদেশি ভ্রমণেচ্ছুদের সেবা দিয়ে থাকে তার প্রতিষ্ঠান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা