ক্লাব বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ০৯:৫৪ এএম
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে উজ্জ্বল উপস্থিতি ব্রাজিলের ক্লাবগুলোর। বোতাফোগো, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাস- এই চারটি ব্রাজিলিয়ান দলই জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার শেষ ষোলোয়। নতুন কাঠামোর এই টুর্নামেন্টে ব্রাজিল থেকে অংশগ্রহণকারী সব দলই প্রথম রাউন্ড পেরিয়ে শেষ ষোলোয় উঠে গেছে, যা দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে ব্রাজিলের আধিপত্যকেই আরও একবার তুলে ধরল।
অন্যদিকে, দক্ষিণ আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবার ক্লাব বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে। রিভার প্লেট ও বোকা জুনিয়র্স দুই ঐতিহ্যবাহী ক্লাবই বাদ পড়েছে গ্রুপপর্ব থেকে।
রিভার প্লেট তাদের শেষ ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলানের কাছে ০-২ গোলে পরাজিত হয়। এতে গ্রুপে তিন নম্বরে থেকে তাদের বিদায় নিশ্চিত হয়। তার আগে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বোকা জুনিয়র্স। ফলে নতুন কাঠামোর এই ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে কোনো আর্জেন্টাইন ক্লাব নেই।
ব্রাজিলের চার ক্লাব শেষ ষোলোয় থাকায় শেষ আটেও অন্তত একটি ব্রাজিলিয়ান দলের জায়গা নিশ্চিত হয়ে গেছে। কারণ নকআউটের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে পালমেইরাস ও বোতাফোগো। অন্যদিকে, ফ্ল্যামেঙ্গোর সামনে কঠিন চ্যালেঞ্জ তাদের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফ্লুমিনেন্স খেলবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে।
আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক বছরগুলোয় ব্রাজিল জাতীয় দলের পারফরম্যান্সে হতাশা থাকলেও ক্লাব পর্যায়ে এই সাফল্য ব্রাজিলীয় ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যেখানে আর্জেন্টিনা পিছিয়ে, সেখানেই ব্রাজিল তার আধিপত্য প্রমাণ করছে শক্ত হাতে।