কলম্বো টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ০৯:৩৪ এএম
কলম্বো টেস্টে বাংলাদেশের সঙ্গী শুধুই হতাশা। প্রথম ইনিংসে আড়াইশর আগে আটকা পড়ার পর দ্বিতীয় দিনে স্বাগতিকদের মাত্র ২টি উইকেট তুলতে পেরেছেন লাল সবুজ দলের প্রতিনিধিরা। লঙ্কানরা ৭৮ ওভার ব্যাট করে ২৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। পাতুম নিশাঙ্কা ১৪৬* আর প্রবাত জয়সুরিয়া ৫* রানে অপরাজিত আছেন।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে ২৪৭ রানে অলআউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এসএসসির মাঠে সফরকারী দলের ব্যাটারররা যথেষ্ট ভুগলেও লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটির পথেই ছিলেন উদারা। ফিরেছেন ৬৫ বলে ৪০ রান করে। তাতে উদ্বোধনী জুটি ভাঙে ৮৮ রানে। উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম।
উদারা ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে ফিরলেও বড় ইনিংসের দেখা পেয়েছেন নিশাঙ্কা। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন এই ওপেনার।
তিনে নেমে নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দেন দীনেশ চান্দিমাল। এই অভিজ্ঞ ব্যাটারও ফিফটি করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে কাটা পড়েন নার্ভাস নাইন্টিতে। ৯৩ রান করা এই ব্যাটার নাঈম হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি এই দুই উইকেটই। যা একটি করে ভাগাভাগি করেছেন নাঈম ও তাইজুল।
এর আগে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন আর ২৭ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৭৮ ওভারে ২৯০/২ (নিসাঙ্কা ১৪৬*, উদারা ৪০, চান্দিমাল ৯৩, জয়াসুরিয়া ৫*; তাইজুল ৯০/১, নাঈম ৪৫/১)