ক্লাব বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১৭:২৩ পিএম
ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে জয় না পাওয়ায় গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল নাটকীয় উত্তেজনায় ভরপুর। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মেসির দল। তাদেও আইয়েন্দে ও লুইস সুয়ারেসের চোখধাঁধানো দুটি গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু শেষ দশ মিনিটে ঘুরে দাঁড়ায় পালমেইরাস। বদলি নামা পাউলিনিয়ো এবং মাউরিসিওর গোলে সমতা ফেরায় ব্রাজিলিয়ান দলটি। ফলে দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় সমান ৫ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পালমেইরাস। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে পালমেইরাস। গোলের উদ্দেশ্যে ২২টি শট নেয় তারা, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে মায়ামি নিয়ন্ত্রিত ফুটবল খেললেও সুযোগ তৈরি করতে পারেনি খুব বেশি। মাত্র ৮টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল, যার দুটিই রূপ নেয় গোলে।
ম্যাচের ১৬তম মিনিটে আচমকা এগিয়ে যায় মায়ামি। পালমেইরাসের একটি কর্নার থেকে শুরু হওয়া প্রতিআক্রমণে আর্জেন্টাইন উইঙ্গার আইয়েন্দে মাঝমাঠ থেকে বল নিয়ে একাই ছুটে গিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এরপর দ্বিতীয়ার্ধে, ৬৫তম মিনিটে লুইস সুয়ারেস প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান বাড়ান ২-০ তে। তবে জয় ধরে রাখতে ব্যর্থ হয় মায়ামি। ৮০তম মিনিটে পালমেইরাসের হয়ে ব্যবধান কমান পাউলিনিয়ো, আর ৮৭তম মিনিটে গোলার মতো এক শটে দলকে সমতায় ফেরান মাউরিসিও।
এই ম্যাচে মেসির পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিল। প্রথমার্ধে তাকে তেমনভাবে খেলায় খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা সক্রিয় হলেও লক্ষ্যভেদ করতে পারেননি। খেলা শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলাটা সহজ নয়। তবে এই ম্যাচ মেজর লিগ সকারের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।’
ম্যাচ জিতলে মায়ামি প্রতিপক্ষ হিসেবে পেত বতাফোগোকেই। কিন্তু গ্রুপে রানার্স আপ হওয়ায় তাদের সামনে এখন ‘বি’ গ্রুপের শীর্ষ দল পিএসজি। অন্য ম্যাচে ব্রাজিলিয়ান দ্বৈরথে লড়বে পালমেইরাস ও বতাফোগো। পালমেইরাসের বিপক্ষে বতাফোগো লড়বে ২৮ জুন রাত ১০ টায় আর পিএসজির বিপক্ষে মিয়ামি লড়বে ২৯ জুন রাত ১০টায়।
মেজর লিগ সকার থেকে এই টুর্নামেন্টের নকআউটে নাম লেখানো একমাত্র দল ইন্টার মায়ামি। গ্রুপপর্বেই ছিটকে গেছে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল সাউন্ডার্স। মেসির ৩৮তম জন্মদিনের প্রাক্কালে ম্যাচটি তার জন্য ব্যক্তিগতভাবে ছিল কিছুটা হতাশাজনক হলেও দল হিসেবে ইন্টার মায়ামি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। যেখানে তারা শেষ ষোলোয় ইউরোপের শ্রেষ্ঠদের সঙ্গে লড়াইয়ের সুযোগ পেয়েছে।