× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কা সিরিজ

টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, দলে প্রথমবার তানভির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ২২:১০ পিএম

টাইগারদের ওয়ানডে দল ঘোষণা, দলে প্রথমবার তানভির

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া লিটন দাসও ওয়ানডেতে জায়গা ফিরে পেলেন। এই পজিশনে জায়গা ছাড়তে হয়েছে নুরুল হাসান সোহানকে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ সোমবার ১৬ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এটিই হবে বাংলাদেশের প্রথম সিরিজ। নাঈম, লিটন ছাড়াও স্কোয়াডে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

চ্যাম্পিয়নস ট্রফির পর অবসরে যাওয়া দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়া বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ এটি। চোট থেকে সেরে উঠলেও সৌম্য সরকারকে দলে ফেরাতে আরও কিছুটা সময় নিতে চান নির্বাচকরা। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দলে ফেরা নাঈম এখনও পর্যন্ত ৮ ওয়ানডে খেলে রান করেছেন ১৩ দশমিক ৫৭ গড়ে ৯৫। স্ট্রাইক রেট ৬০ দশমিক ৫০। সবশেষ ম্যাচটি খেলেছেন তিনি ২০২৩ এশিয়া কাপে।

তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত দুই আসরে পাঁচশর বেশি রান করেন নাঈম। ২০২৪ সালের লিগে এক সেঞ্চুরি এবং ৪ ফিফটিতে করেন ৫৩৬ রান। চলতি বছরের ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ইনিংসে ২টি করে ফিফটি ও সেঞ্চুরিতে নাঈমের সংগ্রহ ছিল ৬১৮ রান। স্ট্রাইক রেটের উন্নতি ছিল চোখে পড়ার মতো; ১২১ দশমিক ৮৯! রানরেট পরিসংখ্যানের বাইরে এই ওপেনারের ব্যাটিংয়ের ধরনেও দেখা গেছে পরিবর্তন। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও বললেন, ২৫ বছর বয়সি ব্যাটসম্যানের খেলার ধরনে উন্নতির ছাপ দেখেছেন তারা।

নাঈমের মতোই ২০২৩ এশিয়া কাপে সবশেষ ওয়ানডে খেলেছেন শামীম। লোয়ার মিডল-অর্ডারে মাহমুদউল্লাহর অবসরে তার সামনে এখন আবার ওয়ানডে খেলার সম্ভাবনা। ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন। এই সংস্করণে সবশেষ ৮ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৫ রান। সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর এবার ওয়ানডেতে নতুন শুরুর সুযোগ অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের সামনে।

গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান তানভির। এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন ৬টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ১৩ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২ ম্যাচে ৫ উইকেট পান ২৮ বছর বয়সি স্পিনার।

ঘরোয়া ক্রিকেটেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও সুযোগ পাননি সোহান। লিটন ফেরায় দলে আর কোনো কিপার-ব্যাটসম্যানের প্রয়োজন তারা দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।’

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। একই মাঠে ৫ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে পাল্লেকেলেতে ৮ জুলাই শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা