× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী বিশ্বকাপ বাছাই

সেরা একাদশে নিগার-শারমিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ২১:০৮ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায় ভূমিকা রাখেন ব্যাটাররা

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায় ভূমিকা রাখেন ব্যাটাররা

উদ্বেগ-উৎকণ্ঠা আর ধুকপুকানিময় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের দিনটি। পাঁচ ম্যাচের বাছাইপর্বে টানা তিন জয়ের পর শেষ দুটিতে হেরে বসেন নিগার সুলতানারা। এতে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্ট সমান হয়ে পড়ে লাল সবুজ দলের। তবে উইন্ডিজ মেয়েদের চেয়ে শ্রেয়তর নেট রান রেটে এগিয়ে থেকে ২০২৫ বিশ্বকাপে পা রাখে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায় ভূমিকা রাখেন ব্যাটাররা। বিশেষ করে পঞ্চাশ ওভারের খেলায় দলীয় সর্বোচ্চ স্কোর গড়ে লাল সবুজ দলের মেয়েরা। স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৮ রান তোলে তারা। মূলত তিন জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার দারুণ করেছেন ব্যাট হাতে। ভালো করার স্বীকৃতিও তারা পেয়ে গেলেন। আইসিসি নির্বাচিত বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার ও শারমিন। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান।

আইসিসির ঘোষিত একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তানের। মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবালÑ পাকিস্তানের এই চারজন জায়গা পেয়েছেন একাদশে। অধিনায়ক রাখা হয়েছে ফাতিমা সানাকে।

বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের দুজন করে খেলোয়াড় আছেন সেরা একাদশে, ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার। ওয়েস্ট ইন্ডিজের তিনজনÑ শেষ ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রান করা হেইলি ম্যাথুস, অলরাউন্ডার শিনেলে হেনরি ও পেসার আলিয়া অ্যালেইন।

বাছাইপর্বে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন তিন ফিফটিতে করেছেন ২৬৬ রান। তার চেয়ে বেশি রান করেছেন শুধু স্কটল্যান্ডের ব্রাইস, ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯৩। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৪১ রান করে ব্যাটারদের মধ্যে তিনে বাংলাদেশের নিগার। গ্লাভস হাতে ২টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করা নিগার সেরা একাদশের উইকেট কিপারের দায়িত্ব পেয়েছেন।

দ্বাদশ খেলোয়াড় রাবেয়া ৬ উইকেট পেয়েছেন। বাংলাদেশের দুই বোলার জান্নাতুল ফেরদৌস (৯) ও ফাহিমা খাতুন (৮) রাবেয়ার চেয়ে বেশি উইকেট পেয়েছেন। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই মূলত নির্বাচিত হয়েছেন রাবেয়া। ওভারপ্রতি ৩.৭২ ইকোনমিতে রান দিয়েছেন এই লেগি।

আইসিসির সেরা একাদশ : হাইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ), ফাতিমা সানা (পাকিস্তান), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
 
রিজার্ভ প্লেয়ার: রাবেয়া খান (বাংলাদেশ)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা