প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ২০:২৫ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে মাঠে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। শোনা গিয়েছিল, পারিশ্রমিক নিয়ে কোনো ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়াতেই খেলছেন না তিনি। পরে অবশ্য জানা যায়, কাঁধের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ২৯ বর্ষী এই বাঁহাতি পেসার। তবে মুস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, ডিপিএলের সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। খেলবেন শিরোপার লড়াইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে
ডিপিএলের সুপার লিগের লড়াই। প্রথমদিনই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস
অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এই ম্যাচ দিয়েই বাইশ গজে প্রত্যাবর্তন
করবেন কাটার মাস্টার মুস্তাফিজ। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে
ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরপর আর কোনো প্রতিযোগিতায় ম্যাচ খেলতে পারেননি তিনি।
এই সময়টায় পুনর্বাসন প্রক্রিয়ার
মধ্য দিয়ে গেছেন ফিজ। গত ক’দিন ধরে মিরপুরে নিয়মিত অনুশীলনও করেছেন যেন সুপার লিগের
শুরু থেকেই খেলতে পারেন। মুস্তাফিজের ফেরাটা মোহামেডানের জন্য যেমন বড় সুবিধা, তেমনি
ভক্তদের জন্যও এটা দারুণ খবর। শীর্ষ দল আবাহনীর সমান ১৮ পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে
থাকায় দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান শক্তি বাড়াতে চেয়েছে মুস্তাফিজকে দলে টেনে।