প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ২০:১৭ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম। এই সিরিজে থাকছেন না দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে সোহেল ইসলাম স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মুশতাক আহমেদ এখনও আমাদের সঙ্গে (বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ) আছেন। তবে এই সিরিজে তিনি থাকবেন না।’
পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা মুশতাককে গত বছরের এপ্রিলে স্পিন
বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। প্রাথমিকভাবে মুশতাকের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ
পর্যন্ত চুক্তি ছিল। তবে তার কাজে সন্তুষ্ট হওয়ায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ
চুক্তি অনুযায়ী, মুশতাক বছরে ১৩০ দিন বোর্ডের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন। বিসিবির
মনে হয়েছে জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে প্রয়োজন নেই। তাই স্থানীয় কোচের কাঁধেই তুলে
দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলামদের দায়িত্ব।
সাবেক অফস্পিনার সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে
কাজ করেছেন। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করিয়েছেন। এর আগে ২০২১ সালে, ঘরের
মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতিতেও
জাতীয় দলে এই ভূমিকায় তাকে দেখা গেছে। তাই সামনে ঠাসা সূচির আগে প্রস্তুতি ক্যাম্পে
ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি নতুন কোচদের পর্যবেক্ষণেও থাকবে বোর্ডের নজর।
মাঠে নামার আগে সব বিভাগে ইতিবাচক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা।
জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে স্পিন কোচের পরিবর্তনের পাশাপাশি ফিল্ডিং
বিভাগেও এসেছে নতুন মুখ। জিম্বাবুয়ে সিরিজের আগেই ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন জেমস
প্যামেন্ট। পেস বোলিং কোচ নিয়েও আলোচনা চলছে বোর্ডে। এদিকে গত রবিবার থেকে সিলেটে শুরু
হয়েছে টাইগারদের ক্যাম্প। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে, ২০ থেকে ২৪ এপ্রিল। দ্বিতীয় টেস্ট হবে ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।